• ঢাকা |

ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ফোরামের আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা


নিউজ প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ফোরাম (ডাফ) ১৯৯৬–৯৭ ব্যাচ রাজধানীতে আয়োজন করেছে বহুল প্রতীক্ষিত “পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫”।শুক্রবার, ১২ ডিসেম্বর শীতের আমেজকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলার মাঠে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই বর্ণাঢ্য আয়োজন।
আয়োজক কমিটি জানান, এই উৎসব শুধু বিনোদনের আয়োজন নয়; বরং ব্যাচের সদস্যদের পুনর্মিলন, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং দেশের লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা—এই তিন লক্ষ্যকে সামনে রেখেই এ অনুষ্ঠান সাজানো হয়েছে।
পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা'র এই আয়োজনে ছিল দিনব্যাপী লোকজ গান, নাচ এবং সিটি শো ‘তিন বোন’–এর লোকজ সাংস্কৃতিক পরিবেশনা। শিশুদের জন্য ছিল বিশেষ আকর্ষণীয় আয়োজন, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠার সমৃদ্ধ আয়োজন, বন্ধু ও তাদের পরিবারের জন্য রাতের খাবার পরিবেশন। আয়োজকদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্ব, দলবদ্ধতা ও ঐক্যের যে সংস্কৃতি এই উৎসব সেই চেতনাকে পুনরুজ্জীবিত করবে।
উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে কয়েকজন বন্ধু মিলে ‘ডাফ ১৯৯৬–৯৭’ নামে বন্ধুত্বের প্ল্যাটফর্মটি গড়ে তোলেন। বর্তমানে সেই প্ল্যাটফর্মের সদস্য সংখ্যা হাজার ছাড়িয়েছে। শুরু থেকেই ব্যাচের কার্যনির্বাহী সদস্য ও সমন্বয়কারীরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজনে নেতৃত্বে ছিলেন ডাফ সভাপতি মোহাম্মদ ইকবাল মাহমুদ বাবলু, সাধারণ সম্পাদক ফেরদৌস মুন্না, পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা'র  আহ্বায়ক রাশেদুল আলমিন এবং সদস্য সচিব নাদির শাহ হিমু।
এ ছাড়া পিঠা উৎসব ২০২৫ আয়োজন কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন বিভাগের বন্ধুরা মাঠপর্যায়ে কাজ করে আয়োজনকে সফল করতে কাজ করেছেন।
ডাফ ব্যাচ ১৯৯৬–৯৭-এর বিভিন্ন ফ্যাকাল্টি, বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর সহপাঠীদের অংশগ্রহনে এ মিলনমেলাটি ছিল স্মৃতিময় ও আনন্দঘন। সহপাঠী ও তাদের পরিবার–পরিজনসহ ব্যাচের প্রায় ১২ শত সদস্যের অংশগ্রহনে অনুষ্ঠানটি ছিল দারুন উৎসবপূর্ণ ও প্রাণবন্ত।
সাংস্কৃতিক সন্ধ্যা, রাতের খাবার পরিবেশন ও রাফেল ড্র'র মধ্য দিয়ে পিঠা উৎসবের সফল আয়োজন করে আয়োজক কমিটি বন্ধুদের সবাই ধন্যবাদ জানান।