জাকির ফরাজীঃ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট পাঁচটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলো হলো ফ্রিস্টাইল, ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক, বাটারফ্লাই ও রিলে রেস। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ লায়ন প্রফেসর শেখ রফিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, মাদকের ভয়াল গ্রাস থেকে ছাত্র-ছাত্রীদের দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এরই ধারাবাহিকতায় আজ আমাদের এই সাঁতার প্রতিযোগিতা।
সাঁতার প্রতিযোগিতাকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উৎসাহ দিতে শিক্ষক ও সহপাঠীরা পুকুরপাড়ে উপস্থিত হন।
সাঁতার প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বর্ষাকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আহ্বায়ক মো. নজরুল ইসলাম। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আক্তারুজ্জামান শেখ রাহাত, যুব দলের সদস্য সচীব এমদাদুল হক মাসুদ সহকলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।