অতীতের গালা নাইট ও পিঠা উৎসবের ধারাবাহিকতায় এবার বিরুলিয়ায় মিলনমেলার প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম (DUFF) আয়োজন করতে যাচ্ছে ‘ডাফ ফ্যামিলি ডে-২০২৬’। আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৭ রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়া ব্রিজের কাছে প্রিয়াঙ্কা শুটিং জোনে দিনব্যাপী এ আনন্দ আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বন্ধুত্ব, পারস্পরিক ভালোবাসা ও পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এ আয়োজনের প্রস্তুতি চলছে। সংগঠনের সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকেরা।
'ডাফ ফ্যামিলি ডে'র আহ্বায়ক নজরুল ইসলাম এক শুভেচ্ছাবার্তায় সংগঠনের বন্ধুদের উদ্দেশে বলেন, তাঁদের প্রাণের সংগঠনের এ আনন্দ আয়োজন সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট উপকমিটিগুলোকে নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, সবার আন্তরিকতা, শ্রম ও সহযোগিতায় এবারের আয়োজন স্মরণীয় হয়ে থাকবে।
ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম শুধু একটি প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নয়; বরং দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও পারিবারিক সম্পর্কের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।
সংগঠনটির অতীতের আয়োজনগুলোতেও এর প্রতিফলন দেখা গেছে। ২০২৪ সালে চার শতাধিক সদস্য ও তাঁদের পরিবারের উপস্থিতিতে ‘ডাফ গালা নাইট’ আয়োজন করে সংগঠনটি। এরপর ২০২৫ সালে বন্ধু ও তাঁদের পরিবারসহ সাত শতাধিক সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য পিঠা উৎসব। এসব আয়োজনের মধ্য দিয়ে বন্ধুদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের মধ্যেও গড়ে উঠেছে আন্তরিক সম্পর্ক ও সৌহার্দ্যের পরিবেশ।
বিভিন্ন সময়ে দেশের একাধিক জেলায় আনন্দভ্রমণের আয়োজনও করেছে DUFF। নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে সংগঠনের সদস্যরা একসঙ্গে ভ্রমণে অংশ নিয়েছেন।
এ ছাড়া অপেক্ষাকৃত ছোট পরিসরে কয়েকজন সদস্য যশোর, মাওয়া ও অন্যান্য স্থানে আনন্দভ্রমণ বা প্লেজার ট্যুরে মিলিত হয়েছেন। এসব ভ্রমণ বন্ধুদের পুরোনো স্মৃতি নতুন করে জাগিয়ে তোলার পাশাপাশি পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করার সুযোগ তৈরি করেছে।
আয়োজকদের প্রত্যাশা, আসন্ন ‘ডাফ ফ্যামিলি ডে-২০২৬’ অতীতের আয়োজনগুলোর ধারাবাহিকতায় আরও বড় পরিসরে বন্ধু ও তাঁদের পরিবারের সদস্যদের একত্রিত করবে।
বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি, দীর্ঘদিনের বন্ধুত্ব, পারিবারিক সম্প্রীতি এবং একে অপরের সঙ্গে সময় কাটানোর আনন্দ—সবকিছুর সমন্বয়ে এবারের আয়োজনকে স্মরণীয় করে রাখতে চান সংগঠনের সদস্যরা।
‘Friends Forever, DUFF Forever.’—এই স্লোগানকে ধারণ করে DUFF-এর সদস্যরা মনে করেন, বিশ্ববিদ্যালয়জীবন শেষ হলেও বন্ধুত্বের বন্ধন কখনো শেষ হয় না। বরং সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর ও অর্থবহ হয়ে ওঠে।
উল্লেখ্য যে, সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল মাহমুদ বাবলু ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্নার উপস্থিতিতে গত ১২ নভেম্বর অনুষ্ঠিত ইসি মিটিংয়ে 'ফ্যামিলি ডে' আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়।
DUFF-এর সদস্যদের অংশগ্রহণে এবারের ফ্যামিলি ডে সফল করতে আহ্বায়ক নজরুল ইসলাম সবার সহযোগিতা কামনা করেছেন। তাঁর প্রত্যাশা, বন্ধুদের সম্মিলিত উদ্যোগ ও পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ৫ ফেব্রুয়ারির আয়োজন হয়ে উঠবে আনন্দ, স্মৃতি ও ভালোবাসার এক বিশেষ দিন।