জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি, ফ্যাসিস্টদের বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান
এম এম রহমাতুল্লাহ: পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।
তিনি অভিযোগ করেন, ভারতের মাটিতে বসে শান্তিপ্রিয় মানুষকে লক্ষ্য করে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা বাংলাদেশে তৎপর রয়েছে বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আহমদ আব্দুল কাদের বলেন, আগুন জ্বালিয়ে ও ভাঙচুর করে জনগণের সম্পদ বিনষ্ট করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পাশাপাশি সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। পতিত ফ্যাসিস্টদের এসব অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছে খেলাফত মজলিস।
তিনি অভিযোগ করেন, এসব নাশকতা ও হত্যাকাণ্ড বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে খেলাফত মজলিস মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী গতকাল জাতীয় সংসদে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর এ আহ্বানকে আমরা স্বাগত জানাই।
তবে গত আট মাসে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারপ্রধান আন্তরিক হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা রাজপথে ছিলেন, তাঁরা এখনো ঐক্যবদ্ধ আছেন। বাংলার জনগণও সজাগ রয়েছে। জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে।
ড. আহমদ আব্দুল কাদের অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত এবং আদালতের দেওয়া দণ্ড কার্যকরের দাবি জানান।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল জলিল, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসমাইল খন্দকার।
এদিকে, একই দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর ও মিরপুর-১১ মেট্রো স্টেশন চত্বরে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।