• ঢাকা |

নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা জনগণ মেনে নেবে না: ডা. শফিকুর রহমান


নিউজ প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবি, যুবসমাজের মাদকাসক্তি, বেকারত্ব ও শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: জনগণ রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে। তাই দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে। এ লক্ষ্য অর্জনে কারও সঙ্গে কোনো আপস করা হবে না।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এ জাতি বারবার অপশক্তির নির্যাতনের শিকার হলেও প্রতিবারই তা পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ তরুণ-তরুণীর রক্তের বিনিময়ে দেশ নতুন সম্ভাবনার পথে যাত্রা করেছে।

 

তিনি বলেন, আন্দোলনকারীরা শুধু সরকারের পরিবর্তন চাননি; তাঁরা রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কার, প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার, মৌলিক অধিকার এবং নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের ন্যায্য আচরণ নিশ্চিত করতে চেয়েছিলেন।

 

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতি রক্ষা করছে না।

 

তিনি বলেন, জাতীয় ঐকমত্য পরিষদের আলোচনায় ৩৩টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। সেখানে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়। এই সমঝোতায় দুটি পৃথক নির্বাচনী ম্যান্ডেটের বিষয় ছিল—একটি সরকার গঠনের জন্য এবং অন্যটি রাষ্ট্র সংস্কার বা পুনর্গঠনের জন্য।

 

কিন্তু নির্বাচনের পর ক্ষমতাসীন দল একটি বিষয় মেনে অন্যটি উপেক্ষা করেছে বলে অভিযোগ করেন তিনি। এতে নতুন রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।

 

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই হবে। জনগণের দাবি পরিত্যক্ত হতে দেওয়া হবে না। গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলে তা জনগণের মতামতকে অবজ্ঞা করার শামিল হবে।

 

তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন। কোনো গণতান্ত্রিক সরকার জনগণের এমন রায় উপেক্ষা করতে পারে না। এতে নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

 

ফ্যাসিবাদকে একটি রাজনৈতিক ভাইরাস হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, বর্তমান সরকারের মধ্যেও এর বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে জামায়াত সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে। এসব দাবি কোনো নির্দিষ্ট দলের নয়; বরং জনগণের ভোটাধিকার, চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি।

 

যুবসমাজের বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, অনেক তরুণ মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানেও মাদকের বিস্তার ঘটছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

 

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের উৎপাত এখন শুধু শহরে সীমাবদ্ধ নেই; গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এটি সমাজের জন্য ভয়াবহ হুমকি।

 

রাজনৈতিক ও গোষ্ঠীগত স্বার্থে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, একটি ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থে পুরো সমাজকে জিম্মি করে রাখা হচ্ছে। এ ধরনের অপরাধী চক্র ভেঙে দিতে হবে।

 

শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, যোগ্যতা ও মেধার পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভিসি, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিগুলোও দলীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে তুলে দেওয়ার অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের সম্মানের সঙ্গে বেঁচে থাকা, চাকরি করা ও ব্যবসা পরিচালনার অধিকার রয়েছে। কেউ যেন অন্যের অধিকার কেড়ে নিতে না পারে, এমন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

 

তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ভোটচুরি, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

 

সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আগামী দিনের বিপ্লব হবে ইসলামী বিপ্লব।

 

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, কিশোর গ্যাং, দখলদারি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ এই যুবসমাজই দেশ গঠনের প্রধান শক্তি।

 

তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন না করলে দেশ আবার সংঘাত ও রাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যেতে পারে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে গড়ে ওঠা চাঁদাবাজি ও দখলদারির সিন্ডিকেট ভেঙে তরুণদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত একটি ন্যায়, ইনসাফ, আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে চায়। দেশকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

 

সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ২০২৪ সালের আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নারীরাও অংশ নিয়েছিলেন। আগামী দিনের রাষ্ট্র গঠনে যুবসমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা দেশের বিভিন্ন সংকট ও তরুণদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

 

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, যুবসমাজের অন্যতম বড় সমস্যা বেকারত্ব ও নৈতিক অবক্ষয়। সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে হবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম সরকারের সমালোচনা করে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।

 

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

 

এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা, সংসদ সদস্য, যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।