• ঢাকা |

মালয়েশিয়ায় সিন্ডিকেট বন্ধ, রাশিয়ায় কর্মী পাঠানোর ঝুঁকি যাচাইসহ এবি পার্টির সাত দাবি


নিউজ প্রকাশের তারিখ : ৯ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু

গণভোটের রায়ের পর নোট অব ডিসেন্টের আর কোনো রাজনৈতিক ভিত্তি নেই বলেও মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দালালচক্রের দৌরাত্ম্য এবং প্রশাসনিক জটিলতায় বিপাকে পড়া বাংলাদেশি প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ, রাশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে ঝুঁকি যাচাই, ইউরোপে বৈধ চাকরির জন্য বাংলাদেশি কর্মীদের বিএমইটির (BMET) ছাড়পত্র প্রক্রিয়া সহজ করা এবং ইউরোপীয় ভিসা সেবা বাংলাদেশে সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই। তাঁরা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের শ্রম, ঘাম ও ত্যাগের ওপর দেশের অর্থনীতির একটি বড় অংশ দাঁড়িয়ে থাকলেও বিদেশে যেতে গিয়ে প্রতারণা, ঋণের বোঝা, হয়রানি ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হচ্ছে।

তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর অর্থনীতি নির্ভরশীল হলেও তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের দায়িত্ব পালনে যথেষ্ট ঘাটতি রয়েছে। প্রবাসী কল্যাণকে শুধু রেমিট্যান্সের হিসাব দিয়ে বিবেচনা করা যাবে না। নিরাপদ অভিবাসন, ন্যায্য কর্মসংস্থান, আইনি সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে।

মঞ্জু আরও বলেন, প্রবাসী কর্মীরা কোনো পণ্য নন; তাঁরা এ দেশের নাগরিক। তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এবি পার্টি প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের পাশে থাকবে।

সংবাদ সম্মেলনে প্রবাসী কর্মীদের ইস্যুর পাশাপাশি গণভোটের রায় ও রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, সব ধরনের প্রতিকূল পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনায় নিয়েই বিএনপি ৩১ দফা দিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে যেসব নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছিল, গণভোটে জনগণের রায়ের পর সেগুলোর আর রাজনৈতিক ভিত্তি নেই।

মঞ্জু প্রশ্ন তুলে বলেন, বর্তমান নিরাপত্তা উপদেষ্টার বিষয়ে আগে নোট অব ডিসেন্ট দেওয়া হলেও ক্ষমতায় এসে তাঁকেই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়েও অবস্থান পরিবর্তন করা হয়েছে। তাহলে গণভোটের গণরায় মানতে এত অনীহা কেন? তাঁর মতে, গণভোটের রায়ের পর নোট অব ডিসেন্টের আর কোনো রাজনৈতিক ভিত্তি নেই।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন দলের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি প্রবাসী কর্মীরা। তাঁদের পাঠানো অর্থে দেশের লাখ লাখ পরিবারের জীবন-জীবিকা সচল থাকে। অথচ বিদেশযাত্রার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়, দালালচক্র, প্রতারণা ও প্রশাসনিক জটিলতা এখনো বড় বাধা হয়ে রয়েছে। অনেক কর্মী জমি বিক্রি করে কিংবা ঋণ নিয়ে বিদেশে গিয়েও প্রতিশ্রুত চাকরি, বেতন ও সুযোগ-সুবিধা পান না।

মালয়েশিয়ার শ্রমবাজারের উদাহরণ দিয়ে তিনি বলেন, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে সরকারি নির্ধারিত ব্যয়ের তুলনায় একজন কর্মীর অভিবাসন ব্যয় প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা বা তারও বেশি হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। অথচ নির্ধারিত ব্যয় ছিল প্রায় ৭৯ হাজার টাকা। একজন সাধারণ শ্রমিককে বিদেশে যাওয়ার জন্য এত বিপুল ঋণের বোঝা নিতে হবে কেন?

রাজা গোলাম রব্বানী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগে সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট গড়ে তোলার সুযোগ দেওয়া যাবে না। যোগ্য ও লাইসেন্সপ্রাপ্ত সব এজেন্সির জন্য সমান সুযোগ এবং নিয়োগ ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করতে হবে।

রাশিয়ায় কর্মসংস্থানের নামে প্রতারণার ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা রাষ্ট্রীয় পর্যায়ের প্রচারণার ভিত্তিতে নয়, বাস্তব তথ্য ও কর্মীদের নিরাপত্তা বিবেচনা করেই বিদেশে কর্মসংস্থানের সিদ্ধান্ত নিতে হবে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশি নাগরিকদের বেসামরিক চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে সামরিক কাজে যুক্ত করার যে অভিযোগ উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, প্রতিটি চাকরির চুক্তি, নিয়োগকর্তা, ভিসার ধরন, কাজের প্রকৃতি ও বেতন বাংলাদেশি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করতে হবে। কোনো কর্মীকে তাঁর সম্মতি ছাড়া সামরিক কাজে নিয়োজিত করা যাবে না। তবে রাশিয়ায় বৈধ ও নিরাপদ বেসামরিক কর্মসংস্থানের সুযোগ বন্ধ করার পক্ষে নয় এবি পার্টি।

ইউরোপের শ্রমবাজারে বৈধ কর্মসংস্থানের সুযোগ থাকা সত্ত্বেও বিএমইটির ছাড়পত্র পেতে কর্মীদের হয়রানি ও বিলম্বের অভিযোগ তুলে রাজা গোলাম রব্বানী বলেন, সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভাসহ ইউরোপের বিভিন্ন দেশে বৈধ ভিসা ও চাকরির চুক্তি পাওয়া বাংলাদেশিদের অযৌক্তিক প্রশাসনিক জটিলতায় আটকে রাখা উচিত নয়। দেশভিত্তিক ছাড়পত্রের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র প্রকাশ, আবেদন নিষ্পত্তির নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং ছাড়পত্র প্রত্যাখ্যানের ক্ষেত্রে লিখিত কারণ জানানোর ব্যবস্থা করতে হবে।

ইউরোপীয় ভিসা আবেদনের জন্য বাংলাদেশিদের ভারতে যাতায়াতের ভোগান্তির বিষয়টিও তুলে ধরেন তিনি। বলেন, ভিসা আবেদন, বায়োমেট্রিক, সাক্ষাৎকার ও পাসপোর্ট ফেরত দেওয়ার সেবা বাংলাদেশে সম্প্রসারণে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। এতে আবেদনকারীদের অতিরিক্ত অর্থ ব্যয়, সময় নষ্ট ও ভ্রমণঝুঁকি কমবে।

প্রবাসীদের পাসপোর্টসংক্রান্ত জটিলতা নিরসনের দাবিও জানায় দলটি। রাজা গোলাম রব্বানী বলেন, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে বয়সের অমিলের কারণে অনেক প্রবাসী পাসপোর্ট পেতে সমস্যায় পড়ছেন। তাঁদের ক্ষেত্রে আগের বৈধ ডিজিটাল পাসপোর্টের তথ্য ও মেয়াদের ভিত্তিতে ই-পাসপোর্ট তৈরির বিশেষ সুযোগ দিতে হবে। একই সঙ্গে জন্মনিবন্ধন ও এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে।

সংবাদ সম্মেলনে এবি পার্টির সাত দফা দাবির মধ্যে রয়েছে—মালয়েশিয়াসহ সব শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধ; নিয়োগ ব্যয়ের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশ এবং বেআইনি অর্থ আদায় বন্ধ; রাশিয়াসহ ঝুঁকিপূর্ণ শ্রমবাজারে নিয়োগকর্তা, চাকরির চুক্তি ও কাজের প্রকৃতি যাচাই; ইউরোপে বৈধ চাকরি ও ভিসা পাওয়া কর্মীদের দ্রুত ও স্বচ্ছভাবে বিএমইটির ছাড়পত্র প্রদান; ইউরোপীয় ভিসার আবেদন ও বায়োমেট্রিক সেবা বাংলাদেশে সম্প্রসারণ; বিদেশে প্রতারণা, বেতন না পাওয়া, পাসপোর্ট আটকে রাখা ও মানবপাচারের শিকার কর্মীদের দ্রুত আইনি সহায়তা ও দেশে ফেরার ব্যবস্থা এবং প্রবাসীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিতে সমন্বিত ডিজিটাল ব্যবস্থা চালু।

এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার বলেন, প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা শুধু অর্থনৈতিক স্বার্থের বিষয় নয়; এটি রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। নিরাপদ অভিবাসন, ন্যায়সংগত কর্মসংস্থান এবং প্রবাসীদের প্রতি রাষ্ট্রীয় জবাবদিহি প্রতিষ্ঠায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, প্রবাসী বিষয়ক সহসম্পাদক চৌধুরী মশিউল আযম সাকিব, নুরুন্নবী নয়ন, নারী উন্নয়ন বিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, মোহসীনুল হক চৌধুরী, উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক সুমাইয়া শারমিন ফারহানাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।