• ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জে বসন্তের আগমনে আমের মুকুলে মাতোয়ারা জনপদ


নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বসন্তের শুরুতেই আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বইতে শুরু করেছে মুকুলের সুবাস। জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ আমবাগানে এখন গাছে গাছে ফুটেছে আমের মুকুল। হালকা হলুদাভ-সবুজ রঙের এই মুকুলে ভরে উঠেছে চারদিক, আর মৌমাছির গুঞ্জনে মুখর হয়ে উঠেছে বাগানগুলো।
স্থানীয় চাষিরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর মুকুল ভালো এসেছে। ভোরের শিশিরভেজা মুকুল থেকে ছড়িয়ে পড়া মিষ্টি ঘ্রাণ শুধু প্রকৃতিপ্রেমীদেরই নয়, সাধারণ মানুষকেও আকৃষ্ট করছে। বসন্তের দখিনা হাওয়ায় সেই সুবাস যেন আশার বার্তা বয়ে আনছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত রোদ ও অনুকূল তাপমাত্রা বজায় থাকলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অতিবৃষ্টি বা ঝড় হলে মুকুল ঝরে পড়ার আশঙ্কা থাকে। তাই চাষিরা বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
আমের মুকুল শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি জেলার অর্থনীতিরও প্রধান ভরসা। প্রতিবছর এখানকার আম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি হয়। ফলে মুকুল ফোটার সঙ্গে সঙ্গে জেগে ওঠে নতুন স্বপ্ন ও সম্ভাবনার আলো।