বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’। বেরোবি শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ২০২০-২১ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২২টি বিভাগের ৪৭০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়।
২৪ সেপ্টেম্বর, বুধবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মোঃ শওকত আলী এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম মিরাজি।
বেরোবি শিক্ষার্থী সংসদের সভাপতি আহমাদুল হক আলবির বলেন, বেরোবি শিক্ষার্থী সংসদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীবান্ধব কাজ করা। শিক্ষার্থীদের একাডেমিক, তাদের অধিকার এবং শিক্ষার্থীদের নিয়ে যতগুলো কাজ করা যায় তা করবো। আমাদের অনেক গুলো কাজের মধ্যে অন্যতম একটি হলো আজকে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা। শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্সের কারণে তাদেরকে যেভাবে মূল্যায়ন করা দরকার আমাদের সীমিত সামর্থ্যের আলোকে আজকে আমাদের এই সংক্ষিপ্ত আয়োজন। আমাদের ইচ্ছে আছে আজকের যে আয়োজন; এ ধরনের আয়োজন যাতে আগামীতেও করবো। আমাদের সামর্থ্যের আলোকে ইনশাআল্লাহ প্রচেষ্টা চালিয়ে যাবো। আমাদের এই প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ডিপার্টমেন্টের ১৩-১৬তম ব্যাচের সর্বোচ্চ সিজিপিএ ধারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। আজকে এখানে প্রায় ৪৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
এছাড়াও অন্যতম আয়োজক আব্দুল আজিজ বলেন, যারা একাডেমিক ফলাফল ভালো করছে তাদেরকে উৎসাহিত করা, মোটিভেশান করা। একাডেমিক ফলাফল তো শুধু তো একটা মাধ্যম কিন্তু এটির মাধ্যমে মোটিভেশান হয়ে ভবিষ্যতে যেনো আরভালো কিছু করতে পারে। বেরোবি শিক্ষার্থী সংসদ কর্তৃক শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন করা, তাদের মেধাকে বিকশিত করা। শিক্ষার্থীদের চিন্তা-ভাবনা, জ্ঞান-দর্শন কে আরও বেশি প্রবল করার জন্যই আজকের এই আয়োজনের বিকল্প নেই। আবার যারা ভালো সিজিপিএ করতে পারে নাই তারা এ ধরনের আয়োজন দেখে উৎসাহিত হবে।
এ সময় শিক্ষার্থীদের কেও অনেক হাস্যোজ্জ্বল ও প্রফুল্লচিত্তে দেখা যায়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুশাইদ আহমেদ বলেন, সাধারণ শিক্ষার্থী হিসেবে অনুপ্রাণিত বোধ করছি। বিশেষ করে এখানে বিভিন্ন আলোচকরা বিভিন্ন বিষয়ে কথা বলছেন, জীবনের নানা আঙ্গিক ঘিরে, জীবনের অভিজ্ঞতা থেকে কথা বলছেন। এটা আসলেই একটা ইতিবাচক পরিবর্তন। বেরোবি শিক্ষার্থী সংসদ শিক্ষার্থীবান্ধব কাজ করে যেরকম অনুপ্রাণিত করছে। এই সংগঠনের পাশাপাশি আর যেসব সংগঠন আছে তারাও এরকম শিক্ষার্থীর বান্ধব কাজ করুক আমি এটাই প্রত্যাশা করি।
জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনিকা তাসকিন বলেন, বেরোবি শিক্ষার্থী সংসদ কে ধন্যবাদ এ ধরনের শিক্ষার্থীবান্ধব আয়োজন করার জন্য। বেরোবির ইতিহাসে এই প্রথম কোনো সংগঠন একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করলেন। আজকের এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। এধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আরও হলে আমরা শিক্ষার্থীরা আরও বেশি অনুপ্রাণিত হবো পড়াশোনার ক্ষেত্রে এবং আমাদের স্বপ্নের দিকে ধাবিত হতে। আমার মনে এ ধরনের অনুষ্ঠান আরও বেশি হওয়া উচিৎ, এ ধরনের পদক্ষেপ আরও নেওয়া উচিৎ। আজকের অনুষ্ঠানটি সত্যি অসাধারণ ছিল।