মোহাম্মদ ইউসুফ, বরিশাল: আগামী ১৮ জুলাই বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে বরিশাল লঞ্চঘাট এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও নুরুল হক সোহরাব, জেলা ইউনিট সদস্য মো. আব্দুস সালাম, মুজাহিদুল ইসলাম ইউসুফ, আসাদুজ্জামান সবুজ ও সাইফুল ইসলাম সাইফী। আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা সভাপতি মো. আবু সাঈদ, সাবেক জেলা সভাপতি হাফেজ মো. সানাউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই দুপুর ২টায় বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ডা. অলি আহমদ (বীর বিক্রম)সহ ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে সমাবেশের আহ্বানপত্র তুলে দেন এবং সমাবেশের লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণভোটের গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণের দাবিতে এ বিভাগীয় সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক উপস্থিতিতে আগামী ১৮ জুলাইয়ের বরিশাল বিভাগীয় সমাবেশ দক্ষিণাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিকে আরও জোরালো করবে এবং জনমতের একটি শক্তিশালী বহিঃপ্রকাশ হিসেবে দেশব্যাপী গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে।