সৈয়দ আখতার সিরাজী: দেশের ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন হামজা চৌধুরী। গত শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এবারের আসরে সব আলো কেড়ে নিয়েছেন ফুটবল তারকা হামজা চৌধুরী। নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবং হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে পেছনে ফেলে তিনি জিতে নেন ‘স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার’ খেতাব। একই সঙ্গে ক্রীড়ামোদীদের ভোটে অর্জন করেন ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’। এছাড়া ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও। অর্থাৎ ট্রেবল জয়ে এবারের বিএসপিএ অ্যাওয়ার্ডে রাজত্ব করেছেন এই ফুটবলার।
পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় হামজা বলেন, “আমি এই পুরস্কার পেয়ে খুবই গর্ববোধ করছি। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার। আমি আমার পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি। সারা বছর জাতীয় দলকে সমর্থন দেওয়ার জন্য সবাইকে কৃতজ্ঞতা।”
বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড–এর সিইও মালিক মোহাম্মদ সাইদ। তিনি জানান, জনপ্রিয় ব্র্যান্ড ‘কুল’ টানা ১১বার এই মর্যাদাপূর্ণ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে।
বিএসপিএ সভাপতি বলেন, দেশের স্পোর্টস সাংবাদিকতা বিশ্বমানের হলেও আরও উন্নয়নের সুযোগ রয়েছে। তিনি একটি স্পোর্টস জার্নালিস্ট ইনস্টিটিউট গঠনের পরিকল্পনার কথাও জানান।
১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কার প্রবর্তনকারী বিএসপিএ এবার ১৬টি বিভাগে মোট ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে সম্মাননা প্রদান করেছে।
স্পোর্টস অ্যাওয়ার্ড বিজয়ীরা
১. বর্ষসেরা ক্রীড়াবিদ: হামজা চৌধুরী (চ্যাম্পিয়ন), ঋতুপর্ণা চাকমা ও আমিরুল ইসলাম (রানার-আপ)।
২. পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: হামজা চৌধুরী।
৩. বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন।
৪. বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা।
৫. বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম।
৬. বর্ষসেরা আর্চার: আব্দুর রহমান আলিফ।
৭. বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা।
৮. বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার।
৯. উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল।
১০. বর্ষসেরা কোচ: পিটার বাটলার।
১১. বর্ষসেরা আম্পায়ার: সেলিম লাকী।
১২. বর্ষসেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।