আব্দুল গফুর মন্ডল, বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। একসঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামে মঙ্গলবার সকাল থেকে তিন শিশু নিখোঁজ ছিল। পরে দুপুরে গ্রামের একটি খাস পুকুরে প্রথমে জাকিরুল ইসলামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর নিখোঁজ থাকা আরও দুই শিশু—ফাহিম ও সুরাইয়া খাতুনের খোঁজে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে একই পুকুর থেকে সুরাইয়া খাতুনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামের ফারুকের ছেলে ফাহিম (৮), মেয়ে সুরাইয়া খাতুন (৫) এবং একই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।
খবর পেয়ে কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একসঙ্গে তিন শিশুর এমন করুণ মৃত্যুতে ভালতা আদর্শ গুচ্ছগ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।