নিজস্ব প্রতিবেদক: শিশু রামিসাকে পাশবিক নির্যাতনের পর হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে কার্যকর করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিস ঢাকা মহানগরী উত্তর।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রী নেত্রী সুমাইয়া ইসলাম শিফা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় অফিস সম্পাদিকা খন্দকার সুরাইয়া আক্তার সুমি।
এছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর মহিলা মজলিসের দায়িত্বশীল উম্মে হাবিবা সুলতানা, জান্নাতুল ফেরদৌস মাওয়া, তাহমিনা আক্তার বীথি এবং ছাত্রী মজলিস নেত্রী তামিমা খন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, শিশু রামিসার ওপর পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ড দেশবাসীকে স্তম্ভিত করেছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার সুরাইয়া আক্তার সুমি বলেন, “রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে।” তিনি আরও বলেন, দেশে চলমান হত্যা, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধে সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সমাবেশ থেকে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়।