মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকেই সন্ত্রাস, মাদক ও বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি চৌকস দল অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা থেকে বগুড়াগামী একটি পিকআপে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। খবরের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় এবং র্যাব সদরদপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় ১১ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি অভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিরা ইউনিয়নের সাজাপুর এলাকায় টিএমএসএস সিএনজি পাম্পের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালায়।
এসময় অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনরত দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলো—
১। মোঃ রিপন (২৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা-মোছাঃ নুরজাহান, বর্তমান ঠিকানা-আনারপুর, ইউপি-রোহিতপুর, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা; স্থায়ী ঠিকানা-ফতেপুর, থানা-পীরগাছা, জেলা-রংপুর।
২। মোঃ ইয়াছিন (২৩), পিতা-মোঃ লোকমান, মাতা-মোছাঃ রুজিনা, ঠিকানা-শাহাপুর, ইউপি-রোহিতপুর, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা।
তাদের কাছ থেকে ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত নীল রঙের পিকআপ (রেজি নং: ঢাকা মেট্রো-ন-১২-৭১০২), দুটি বাটন মোবাইল, দুটি সিম কার্ড এবং নগদ ২৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় ও পরিবহনের সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।