বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫-এর প্রথম অধিবেশন (২৬ ডিসেম্বর, শুক্রবার) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, "ছাত্রশিবির এখন আর শুধু একটি সাধারণ ছাত্রসংগঠন নয়; ২০২৪-পরবর্তী বাস্তবতায় এটি কার্যত বাংলাদেশের ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব পেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, আধুনিক জ্ঞান ও গবেষণার কেন্দ্রে পরিণত করতে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
সম্মেলনে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আন্তর্জাতিক পরিসরে ছাত্র ও যুব আন্দোলনের প্রতিনিধিত্বকারী অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা জামায়াতে ইসলামীর প্রকল্প ব্যবস্থাপনা অফিসের প্রধান পরিচালন কর্মকর্তা মালিক জালালুদ্দিন, ইন্দোনেশিয়ার কামি (KAMMI)-এর পররাষ্ট্রবিষয়ক প্রধান রিদওয়ান আল-মুগোমিয়েরুভ।
দুপুর ১টায় কেন্দ্রীয় সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত হয়।