• ঢাকা |

পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদ শূন্য ৬৮০টি, ব্যাহত হওয়ার শঙ্কা পাঠদান


নিউজ প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মিজানুর রহমান, পঞ্চগড়: পঞ্চগড় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট উদ্বেগজনক আকার ধারণ করেছে। জেলাজুড়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে মোট ৬৮০টি পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চগড় জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৯৫টি এবং সহকারী শিক্ষকের ২৮৫টি পদ শূন্য রয়েছে। জেলার মোট ৬৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৭৪৩ জন।

বিপুলসংখ্যক শিক্ষক পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ তৈরি হতে পারে। বিশেষ করে প্রধান শিক্ষক পদ দীর্ঘদিন শূন্য থাকলে বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, সহকারী শিক্ষকের ঘাটতির কারণে শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের পাঠ বুঝিয়ে দেওয়া এবং শিক্ষার কাঙ্ক্ষিত পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে।

প্রাথমিক শিক্ষা শিশুদের শিক্ষাজীবনের ভিত্তি গড়ে তোলে। এ পর্যায়ে পর্যাপ্ত শিক্ষক না থাকলে শিক্ষার্থীদের পাঠ্যক্রম সম্পন্ন করা, নিয়মিত মূল্যায়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তাই শূন্য পদ পূরণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরিফ আহম্মেদ সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  জানান, জেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৬৪টি এবং এসব বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৭৪৩ জন।

শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখতে দ্রুত শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া হলে শ্রেণিকক্ষে পাঠদানের চাপ কমবে এবং শিক্ষার্থীরা আরও কার্যকরভাবে পাঠ গ্রহণের সুযোগ পাবে।