রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো:' রোগীর নিরাপদ অস্ত্রোপচার, ব্যথা নিয়ন্ত্রণ এবং সংকটাপন্ন রোগীর নিবিড় পরিচর্যায় এনেস্থিসিয়ার গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উদযাপিত হয়েছে ১৮০তম বিশ্ব এনেস্থিসিয়া দিবস।
শনিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে হাসপাতালের এনেস্থিসিয়া ও ইনটেনসিভ কেয়ার বিভাগ এবং বিএসএ-সিসিপিপির যৌথ আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন। তিনি বিশ্ব এনেস্থিসিয়া দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।
বিএসএ-সিসিপিপি, ময়মনসিংহ শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজুর রহমান খান চৌধুরী, সিবিএমসির উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোরশেদ আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থিসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হারুন-অর রশিদ এবং সিবিএমসিবির এনেস্থিসিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবুল কালাম আজাদ খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থিসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইসহাক এবং হাসপাতালের এনেস্থেসিওলজিস্ট ডা. আল্লামা ইকবাল।
আলোচনা সভায় এনেস্থিসিয়া চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কৃতী চিকিৎসককে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁদের পেশাগত অবদান ও চিকিৎসাসেবায় ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।
চিকিৎসাবিজ্ঞানে এনেস্থিসিয়া একটি গুরুত্বপূর্ণ শাখা। অস্ত্রোপচারের সময় রোগীকে ব্যথামুক্ত ও নিরাপদ রাখা, শারীরিক গুরুত্বপূর্ণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা নিয়ন্ত্রণে এনেস্থিসিওলজিস্টদের ভূমিকা অপরিসীম। একই সঙ্গে নিবিড় পরিচর্যা ও জরুরি চিকিৎসাসেবায় তাঁদের দক্ষতা রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।