• ঢাকা |

ডিআরইউতে এসে কথা বলার সুযোগ অব্যাহত রাখার আহ্বান ববি হাজ্জাজের


নিউজ প্রকাশের তারিখ : ২৪ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডিআরইউ ডিবেটিং ক্লাবের পথচলা শুরু
সৈয়দ আখতার সিরাজী:
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সদস্যদের জন্য প্রথমবারের মতো “ডিবেটিং ক্লাব”-এর পদযাত্রা শুরু করেছে বর্তমান কার্যনির্বাহী কমিটি। সাংবাদিকদের যুক্তিবোধ, বিশ্লেষনি দক্ষতা ও বুদ্ধিবৃত্তিক চর্চা বিকাশের লক্ষ্য নিয়ে এ ক্লাব চালু করা হয়েছে।

রোববার (২৪ মে ) বিকালে ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে ডিবেটিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। তিনি বলেন, “যখন কোথাও প্রোগ্রাম করা যেত না, তখন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাধাহীনভাবে আমরা প্রোগ্রাম করতে পেরেছি। আমরা চাই, আমাদের সরকারের বিরুদ্ধেও যারা কথা বলতে চান, তাদেরও যেন ডিআরইউ সেই সুযোগটা দেয়। কারণ তারা যদি আমাদের ভুল ধরিয়ে না দেন, তাহলে আমরা কীভাবে আমাদের ভুল শুধরে নেব। কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সরকারের ভুলগুলো তুলে ধরার অধিকার সবার রয়েছে।”
তিনি ডিআরইউ’র ডিবেটিং ক্লাবসহ সব ধরনের কার্যক্রমে সহযোগিতা এবং প্রয়োজনীয় স্পন্সরশিপ সহায়তার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও বিশিষ্ট বিতার্কিক হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, “ঢাকা রিপোর্টার্স ইউনিটি দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও ঐক্যবদ্ধ সংগঠন। সুখ-দুঃখ, সংকট ও দুর্যোগে ডিআরইউ সদস্যরা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান, তা সত্যিই প্রশংসনীয়। করোনাকালে সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে সংগঠনটি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”

ডিআরইউ ডিবেটিং ক্লাবের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, “সাংবাদিকতার পাশাপাশি যুক্তিচর্চা, মেধা ও মননের বিকাশে ডিবেটিং ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের অসংগতি ও অন্যায়ের বিরুদ্ধে যুক্তিনির্ভর চর্চা সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেবে।”

তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, “সংবাদমাধ্যম সমাজের দর্পণ। অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথ দেখান।"

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা তাদের মতামত ব্যক্ত করেন। জনাব সালেহ আকন বলেন,
“জুলাই আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের যে সাহসী ডাক উঠেছিল, তার অন্যতম সূচনা হয়েছিল ডিআরইউ থেকেই। যখন ছাত্রনেতারা কোথাও কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছিলেন না, তখন ডিআরইউ তাদের পাশে দাঁড়িয়ে এগিয়ে আসে। ডিআরইউ সবসময় মজলুম মানুষের অধিকার ও গণতন্ত্রের পক্ষে ছিল এবং থাকবে।”

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউ সবসময়ই সদস্যদের পেশাগত দক্ষতা, জ্ঞানচর্চা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির ডিবেটিং ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, এ প্ল্যাটফর্মের মাধ্যমে সদস্যদের যুক্তিবোধ, বিশ্লেষণী সক্ষমতা ও সমসাময়িক বিষয়ে দক্ষতা আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি তিনি এ উদ্যোগ সফল ও কার্যকর করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ন সম্পাদক জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল ও কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদী, ডিআরইউ ডিবেটিং ক্লাবের সদস্য সচিব শেখ মো. আরীফ, সদস্য আসিফ সুমিত, সৈয়দ আখতার সিরাজী প্রমুখ। 
এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল,  দপ্তর সম্পাদক মোঃ রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য  সদস্য মাজাহারুল ইসলাম, ডিবেটিং সোসাইটির সদস্য কাজী শহীদুল আলম এবং সংগঠনের সদস্যরা। 

অনুষ্ঠানে ডিআরইউ'র সাংগঠনিক সম্পাদক ও ডিবেটিং ক্লাবের আহ্বায়ক এমএম জসিম অনুষ্ঠানে ডিবেটিং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনাও তুলে ধরেন।