• ঢাকা |

‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপিকেই উদ্যোগী হতে হবে: বুলবুল


নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রাফি রহমাতুল্লাহ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব সরকারি দল হিসেবে বিএনপিকেই নিতে হবে। তিনি দাবি করেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে বিলম্ব করা হলে তার রাজনৈতিক দায় বিএনপিকেই বহন করতে হবে।

 

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই বিপ্লবের প্রামাণ্য চিত্র প্রদর্শনী’ ক্যারাভানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নূরুল ইসলাম বুলবুল বলেন, ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পেরিয়ে গেলেও সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। তাঁর ভাষ্য, সরকার মুখে জুলাইয়ের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন নেই। তিনি অভিযোগ করেন, একই রাষ্ট্রপতির আদেশে সংসদ নির্বাচনকে বৈধ এবং গণভোটকে অবৈধ দাবি করে বিএনপি দ্বৈত অবস্থান নিয়েছে। তাঁর মতে, গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়াই সরকারের দায়িত্ব।

 

তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধন কমিটি গঠন করে সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। গণভোটে জনগণের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। অন্যথায় তা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি অবিচার এবং জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলেও মন্তব্য করেন।

 

সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার নিন্দা জানিয়ে বুলবুল বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে না গিয়ে বলপ্রয়োগ করা অনাকাঙ্ক্ষিত। হামলার নির্দেশদাতা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান তিনি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নূরুল ইসলাম বুলবুল এবং সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

 

এ সময় বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামসহ অন্যরা।

 

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে মাসব্যাপী প্রামাণ্য চিত্র প্রদর্শনীর কর্মসূচি পরিচালিত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।