• ঢাকা |

এশিয়া কাপে আজ মুখোমুখি হবে পাকিস্তান-ভারত


নিউজ প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান-ভারত মহারণ মানেই যেন গা ছমছমে অধ্যায়। সীমান্তের সঙ্ঘাত দেখা দেয় ক্রিকেটের মাঠে। লড়াইটা সম্মান, ইতিহাস, ঐতিহ্যের; লড়াইটা মতবাদ, মতভেদ আর বিশ্বাসের বৈপরীত্যের।
কেউ কাউকে ছেড়ে কথা বলে না, চোখে চোখ রাঙায় তারা। ‘পেহেলগাম’ ঘটনা যেন আগুনে ঘি ঢেলেছে, বাড়িয়েছে আরো উত্তেজনা। ফলে রোমাঞ্চকর একটা ম্যাচের অপেক্ষায় এশিয়া কাপ।
অপেক্ষা শেষ হচ্ছে আজই। সবচেয়ে উত্তেজনাপূর্ণি ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ। রাতে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাইয়ে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
২০১২ সালের পর এটাই প্রথমবার ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে দেখা যাবে না বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। শেষ ১১টি ম্যাচে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি দ্বন্দ্বে নিয়মিত ছিলেন দুজনে।
গত বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তারা। অন্যদিকে পাকিস্তান দলেও নেই তাদের সেরা দুই তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট নতুন করে গোছাতে তাদের ছাড়াই চলছে টি-টোয়েন্টি পরিকল্পনা। চলতি বছর তাই এই ফরম্যাটে তাদের দেখা মেলেনি, সুযোগ হয়নি এশিয়া কাপেও।
বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে এবার নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব, আর পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সালমান আলী আগা। দুজনেই বড় মঞ্চে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন দলকে।
তবে নাম, সময়, নেতা কিংবা নেতৃত্ব যাই বদলাক না কেন, ভারত–পাকিস্তান ম্যাচ মানেই এক অনন্য আবেগ, এক অদ্বিতীয় প্রতিদ্বন্দ্বিতা। মাঠে গড়ানোর আগেই পড়তে শুরু করেছে যার রেশ।
সর্বশেষ ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে দুই দেখায় দুটোতেই জয় পায় ভারত। অবশ্য সর্বশেষ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে জিতেছিল পাকিস্তান।
সব মিলিয়ে ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩ বার মুখোমুখি হয়েছে। এর মাঝে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান জয় পেয়েছে মাত্র ৩ ম্যাচে।
এশিয়া কাপে দুই দল এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে ১৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি। ওয়ানডেতে ভারত জিতেছে ৮ বার, পাকিস্তান ৫ বার, আর ২ ম্যাচ ফল ছাড়াই শেষ হয়।
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে তিন দেখায় ভারত জিতেছে ২ বার, পাকিস্তান একবার।
এদিকে ২০২৪ সাল থেকে ভারত এখন পর্যন্ত খেলা ৩২ টি-টোয়েন্টির মধ্যে মাত্র ৩টিতে হেরেছে। অন্যদিকে পাকিস্তানও আছে ছন্দে। তাদের সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৮টিতে জয় পেয়েছে তারা।