আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গঙ্গা চুক্তি ও জুলাই গণহত্যার বিচার নিয়েও সংসদে সরব বিরোধী দল
নিজস্ব প্রতিবেদক: মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও সংশ্লিষ্ট প্রকল্প ঘিরে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মাতারবাড়ি প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য কোনো দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে প্রকল্পের সার্বিক তথ্য জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে অনুষ্ঠিত বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টায় শুরু হওয়া বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর, মাতারবাড়ি প্রকল্প এবং এ-সংক্রান্ত চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে প্রকল্পের স্বচ্ছতা, জাতীয় স্বার্থ এবং এর সঙ্গে অন্য কোনো দেশের করিডোর-সংশ্লিষ্ট বিষয় জড়িত কি না, তা জনসমক্ষে স্পষ্ট করার ওপর গুরুত্ব দেন বিরোধী দলের সদস্যরা।
বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিও আলোচনায় উঠে আসে। গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে কথিত নজিরবিহীন অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের ভূমিকা ও গাফিলতির বিষয়েও সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিবেশী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের অপচেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এ পরিস্থিতিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিরোধী দল সংসদ ও রাজপথে সর্বদা সক্রিয় থাকবে।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে গুপ্ত হামলার ঘটনাও ঘটছে।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বৈঠকে আলোচনার বিষয়বস্তু থেকে স্পষ্ট, মাতারবাড়ি প্রকল্পের স্বচ্ছতা ও জাতীয় স্বার্থ রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে পানি বণ্টন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাই গণহত্যার বিচার—এসব ইস্যুকে সামনে রেখে সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে চায় বিরোধী দল।
বিশেষ করে মাতারবাড়ি প্রকল্পের মতো কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে জনগণের মধ্যে তৈরি হওয়া প্রশ্নের জবাব সরকারকে প্রকাশ্যে দেওয়ার দাবি বিরোধী দলের রাজনৈতিক অবস্থানে নতুন গুরুত্ব পেয়েছে। অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তার প্রশ্নেও সংসদ এবং রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা।