মোঃ মোরছালিন, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক ভারতীয় বৃদ্ধকে কেন্দ্র করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃদ্ধ ব্যক্তি সীমান্ত এলাকায় এসে খাবার ও পানির জন্য সাহায্য চান। বিষয়টি স্থানীয়রা বিজিবিকে অবহিত করলে মানবিক দৃষ্টিকোণ থেকে বিজিবি সদস্যরা তাকে পানি পান করান এবং নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেন।
তবে অভিযোগ রয়েছে, বিএসএফ তাকে নিজেদের ভূখণ্ডে গ্রহণ না করে সীমান্তসংলগ্ন একটি ডোবার পাশে বসিয়ে রাখে। এ ঘটনায় দিনভর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানটান পরিস্থিতি বিরাজ করে।
হাটখোলা সীমান্তে দায়িত্বরত বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান জানান, বৃদ্ধ ব্যক্তি ভারতের নাগরিক। বিএসএফ তাকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে এবং তাকে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বৃদ্ধকে নিয়ে বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছিলেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।