ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মানবদেহে জিংকের গুরুত্ব ও জিংক সমৃদ্ধ খাবার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে অনুষ্ঠিত হয়েছে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম।
রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার রাউতনগর স্কুল অ্যান্ড কলেজে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে রিয়েক্টস ইন প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও।
কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থীকে মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংকের ঘাটতি পূরণে জিংক সমৃদ্ধ খাবারের ভূমিকা এবং জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০২, ১০০, ৮৪ ও ৭৪ সম্পর্কে ধারণা দেওয়া হয়।
সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানায়, এর আগে জিংকের প্রয়োজনীয়তা ও জিংক সমৃদ্ধ ধান সম্পর্কে তাদের অনেকেরই ধারণা ছিল না। কর্মসূচির মাধ্যমে জিংকের গুরুত্ব সম্পর্কে জানতে পেরে তারা আনন্দিত। এখন থেকে নিজেরা জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার পাশাপাশি বাবা মা, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও জিংক সমৃদ্ধ ধান চাষ ও এর পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করবে তারা।
এ সময় শিক্ষার্থীদের জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তোলা এবং পরিবার ও সমাজে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে হারভেস্টপ্লাসের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. শাহীনুল কবির, ইএসডিও ও রিয়েক্টস ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মো. আবু তালহা শিশিরসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।