• ঢাকা |

ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ আব্দুল হাফিজ, ময়মনসিংহ: আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ২২ সেপ্টেম্বর সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মোখতার আহমেদ।সভায় বক্তারা বলেন, দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের দেশের অন্যতম বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। সম্প্রীতির এই উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।

সভায় জানানো হয়, সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডে মোট ৯২টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও পূজা নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আম মজীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স,অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর , মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি  এবং  সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।