মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো দেশগঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে সাম্প্রতিক গণভ্যুত্থান–পরবর্তী জননিরাপত্তা বিধান ও ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বৃদ্ধির পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এর আগে আনসার ও ভিডিপির মহাপরিচালক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, উন্নত ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান কার্যক্রম এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রান্তিক পর্যায়ে বাহিনীর গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনসার ও ভিডিপি দেশের অন্যতম বৃহত্তম জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তিনি আনসার বাহিনীর সংস্কার এবং আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন ও আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।
সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী কার্যক্রমে বাহিনীর সামগ্রিক অবদানের প্রশংসা করে রাষ্ট্রপতি আগামী দিনগুলোতে আরও গতিশীল কর্মসূচি ও তৎপরতা গ্রহণের তাগিদ দেন। এ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে বাহিনীর উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।