নওগাঁ প্রতিনিধি: মাঠজুড়ে পাকা আমন ধানের সমারোহ। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াই, আবার কোথাও কাটা ধান শুকিয়ে ঘরে তোলার প্রস্তুতি। কয়েক মাসের পরিশ্রমে ফলনও হয়েছে ভালো। তবে ফসল ঘরে তোলার এই সময়ে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন নওগাঁর কৃষকরা। জমিতে থাকা পাকা ও কাটা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কার পাশাপাশি পানি জমে ক্ষতির মুখে পড়েছে শীতকালীন সবজি ও বোরো ধানের বীজতলা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির কারণে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। কোথাও কেটে রাখা ধান জমিতেই পড়ে আছে, আবার কোথাও বৃষ্টির পানিতে নুয়ে পড়েছে পাকা ও আধাপাকা ধান। সময়মতো রোদ না পেলে কাটা ধানে আর্দ্রতা বেড়ে রং ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ধান অঙ্কুরিত হওয়ার ঝুঁকিও রয়েছে।
শুধু আমন ধান নয়, টানা বৃষ্টিতে ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে শীতকালীন সবজি চাষেও। বিভিন্ন সবজির জমিতে পানি জমে আলু, শিম, বেগুন ও ফুলকপিসহ নানা ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। একই সঙ্গে বৃষ্টির পানি জমে বোরো ধানের বীজতলাও ক্ষতির মুখে পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টিতে নওগাঁয় ৮৬৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান বলেন, জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এতে ফসলের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। কৃষকের ক্ষতি কমাতে সর্বক্ষণিক তাদের পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
কৃষকদের কাছে আমন ধান শুধু একটি মৌসুমি ফসল নয়, বরং সারা বছরের খাদ্যনিরাপত্তা ও পারিবারিক অর্থনীতির অন্যতম অবলম্বন। এই ফসল ঘরে তুলেই অনেক কৃষক সংসারের খরচ মেটানো, ঋণ পরিশোধ এবং পরবর্তী মৌসুমের চাষাবাদের প্রস্তুতি নেন। তাই ভালো ফলন পেয়েও টানা বৃষ্টিতে ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।