নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর, দেশের প্রখ্যাত আলেম ও ইসলামি আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব আল্লামা সরোয়ার কামাল আজিজী ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
তার ইন্তিকালে দেশের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় তিনি বলেন, আল্লামা সরোয়ার কামাল আজিজীর মৃত্যুতে দেশ একজন প্রবীণ আলেমকে হারাল, যিনি সারাজীবন দ্বীনের খেদমত ও ইসলামি আন্দোলনের জন্য নিজেকে নিবেদিত রেখেছেন। তাঁর বিদায়ে মুসলিম উম্মাহ এক দাঈয়ের অপূরণীয় শূন্যতায় পড়ল।
ডা. শফিকুর রহমান মরহুমের জীবনের ভুলত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন—এই দোয়া করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রয়াত আল্লামা সরোয়ার কামাল আজিজী ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পাশাপাশি তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি ইসলামি শিক্ষা ও সামাজিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাসহ বিভিন্ন মহলে শোকের পরিবেশ সৃষ্টি হয়। অসংখ্য অনুসারী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।