বিশেষ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
পাত্রী ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামের বাসিন্দা সোনাগাজী বাজারের ব্যবসায়ী এমদাদুল হক কাজলের মেয়ে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নেত্রী জান্নাতুল ফেরদাউস সানজিদা।
বুধবার দুপুরে ঢাকার কাটাবন মসজিদে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ডিসেম্বর মাসের মাঝামাঝি তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বুধবার নির্ধারণ করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাদের অনুষ্ঠান পেছানো হয়েছিল।
চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থীর বাড়ি ফেনী জেলায়।
ডাকসুর জিএস এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাঁর পরিবারের স্থায়ী নিবাস রাঙামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের গাথাছড়া গ্রামে। ফরহাদ স্থানীয় বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। পরে চট্টগ্রাম নগরের বায়তুশ শরফ মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হন।
বর্তমানে এসএম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।