• ঢাকা |

বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবি জামায়াতের 


নিউজ প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এমএম রহমাতুল্লাহ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় মর্মান্তিক বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এক আলোচনা সভা বুধবার (২৫ ফেব্রুয়ারী) জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নিজস্ব অফিসে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, "দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা বজায় রাখতে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।"

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আঘাত করার চক্রান্ত। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের মুখোশ উম্মোচিত করার এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত আনার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডকে কেবলমাত্র একটি হত্যাকাণ্ড বললে ভুল হবে। এটি ছিল দেশপ্রেমিক সেনাকর্মকর্তাদের হত্যা করে সেনাবাহিনীকে দুর্বল করার একটি পরিকল্পিত চক্রান্ত।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক না করে নিরপরাধ বিডিআর সদস্যদের আটক করা হয়েছে। তিনি চাকরীচ্যুতদের চাকরি ফিরিয়ে দিতে এবং প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানান।

আলোচনায় সভায় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৬ সংসদীয় আসনের প্রার্থী ড. আবদুল মান্নানসহ প্রমুখ।

সভা শেষে, পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনাকর্মকর্তাসহ মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত সকল আন্দোলন-সংগ্রামের শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মাওলানা আব্দুল হালিম।