বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার ও বৈশ্বিক কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্য
নিজস্ব প্রতিবেদক: বিশ্বায়নের প্রতিযোগিতামূলক বিশ্বে ভাষাগত দক্ষতা এখন উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি ও কূটনৈতিক ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে চীনা ভাষা শেখার গুরুত্বও বাড়ছে। এ বাস্তবতায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক দক্ষতা ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু করেছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিশ্ববিদ্যালয়ের কর্ডোবা হলে আনুষ্ঠানিকভাবে এ কোর্সের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনারেল এডুকেশন (সিজিইডি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে কোর্সটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটটির প্রভাষক আকিব ইরফান। সিজিইডির পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বব্যবস্থা ও বৈশ্বিক অগ্রগতির প্রেক্ষাপটে চীনা ভাষা শেখার সুযোগ সৃষ্টি করা গেলে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, দেশের সাধারণ মানুষও এর মাধ্যমে উপকৃত হওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, কোনো দেশকে যথাযথভাবে জানতে হলে সে দেশের মানুষ, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ধারণা থাকতে হয়। আর এসব বিষয় গভীরভাবে উপলব্ধি করতে ভাষার কোনো বিকল্প নেই। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি দুটি দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও বন্ধুত্ব গড়ে তোলার গুরুত্বপূর্ণ সেতুবন্ধ।
ভাইস-চ্যান্সেলর আরও আশাবাদ ব্যক্ত করেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ উদ্যোগ বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে চীনা ভাষা শিক্ষা কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান তাসমিয়া মোসলেহউদ্দীন, সিজিইডির সহযোগী অধ্যাপক ড. সাবিহা সুলতানা, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহসিনা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, চীনা ভাষা শিক্ষার এ উদ্যোগ শিক্ষার্থীদের প্রচলিত একাডেমিক শিক্ষার পাশাপাশি নতুন ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে ভবিষ্যতে চীনা প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থান, উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবসা-বাণিজ্য এবং আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত যোগাযোগের ক্ষেত্রেও এ ধরনের দক্ষতা সহায়ক হতে পারে।
উল্লেখ্য, চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে এর আগে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের (সিআইইউডি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ওই সমঝোতার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সহযোগিতায় এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনারেল এডুকেশনের তত্ত্বাবধানে কোর্সটি চালু করা হয়েছে।
শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে এ উদ্যোগ দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও বিস্তৃত করার পাশাপাশি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।