• ঢাকা |

আল্লাহ তায়ালার এজেন্ডা এবং ঈমানদারের দায়


নিউজ প্রকাশের তারিখ : ৮ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ফিরোজ মাহবুব কামাল 
আল্লাহ তায়ালার এজেন্ডা ও ঈমানদারের ক্রয়-বিক্রয় চুক্তি

এ পৃথিবীর মানব বসতি নিয়ে রয়েছে মহান রব’য়ের সুস্পষ্ট এজেন্ডা। এবং সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কিরূপে সে এজেন্ডাকে বিজয়ী করা যায় তা নিয়েও। সে বিষয়ে বার বার আলোচনা ও নির্দেশনা এসেছে পবিত্র কুর’আনে। নিজের সে এজেন্ডাকে সফল করতে প্রেরণ করেছেন লক্ষাধিক নবী-রাসূল। তিনি তাঁর নিজের সৃষ্ট এ সুন্দর পৃথিবী থেকে অবিচার, জুলুম নির্যাতন, মিথ্যা ধর্ম ও সকল দুর্বৃত্তির নির্মূল চান এবং প্রতিষ্ঠা দিতে চান সত্য, সুবিচার ও ন্যায়ের। তাঁর নিজের ভাষায় সে এজেন্ডা হলো “নেহী আনিল মুনকার” (দুর্বৃত্তির নির্মূল) এবং “আমিরু বিল মা’রুফ” (ন্যায়ের প্রতিষ্ঠা)। এবং তিনি চান সকল ধর্ম ও সকল জীবন দর্শনের উপর ইসলামের বিজয় (লি’ইউয’হিরাহু আলাদ্বীনি কুল্লিহি)। তিনি চান না, তাঁর নিয়ামত ভরা এ সুন্দর পৃথিবী দুর্বৃত্ত শয়তান ও তার অনুসারীদের দখলে যাক। নিজের সে এজেন্ডাকে সফল করার কাজে তাঁর নিযুক্ত খলিফা বা সৈনিক কোন ফিরেশতা নন, বরং প্রতিটি মুসলিম। সে কাজে তাঁর সাহায্যকারি আনসার ও খলিফা হওয়ার দায়টি প্রতিটি মুসলিমের। এটি ফরজ। মহান রব’য়ের এ এজেন্ডাকে বিজয়ী করার কাজে যারা তাঁর সৈনিক হয়, তাদেরকে তিনি প্রতিদান দেন অনন্তকালের জান্নাত দিয়ে।

ঈমানদারদোর রয়েছে নিজস্ব পরিচিতি ও নিজস্ব দায়। তারাই হলো পৃথিবী পৃষ্ঠে মহান রব’য়ের একমাত্র খলিফা; ফলে তাদের বাঁচতে হয় মহান রব’য়ের এজেন্ডাকে বিজয়ী করার মিশন নিয়ে। সে মিশন নিয়ে বাঁচার মধ্যেই তার সাফল্য। সে জন্য তাকে সর্বপ্রথম জানতে হয় মহান রব’য়ের সে এজেন্ডাটি কি? যে ব্যক্তি তার মহান রব’য়ের এজেন্ডা জানলো না, সে এজেন্ডাকে বিজয়ী করায় নিজ সামর্থ্যের কোন বিনিয়োগও করলো না, বুঝতে হবে তার জীবনই পুরা ব্যর্থ হয়েছে। এবং সে ব্যর্থতার জন্য তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। প্রকৃত ঈমানদার তো একমাত্র তারাই, যাদের রয়েছে মহান রব’য়ের সাথে ক্রয়-বিক্রয় চুক্তি -যার ঘোষণা এসেছে সুরা তাওবার ১১১ নম্বর আয়াতে। এ চুক্তিনামায় বিক্রয়কারী হলো ঈমানদার এবং ক্রেতা হলেন মহান আল্লাহ তায়ালা। আল্লাহ তায়ালা মুমিনের জানমাল কিনে নেন জান্নাতের বিনিময়ে। সে চুক্তি মোতাবেক মুমিন তার বিক্রয়কৃত জান মাল বিনিয়োগ করবে মহান আল্লাহ তায়ালার এজেন্ডাকে বিজয়ী করার জিহাদে। প্রতিটি ঈমানদারকে বাঁচতে হয় ক্রয় বিক্রয় চুক্তিনামার দায় নিয়ে।  কে কতটা মহান রব’য়ের এজেন্ডার সাথে একাত্ম হলো এবং তাঁর এজেন্ডাকে বিজয়ী করতে নিজ জান মালের কতটা কুরবানী করলো -তা থেকে নির্ধারিত হয় ঈমানের মান। তাই মুসলিম হওয়ার অর্থ, শুধু কালেমা পাঠ এবং নামাজ রোজা ও হজ্জ যাকাত পালন নয়, বরং মহান আল্লাহ তায়ালার ঘোষিত এজেন্ডাকে বিজয়ী করার জিহাদে সর্বসামর্থ্যের বিনিয়োগ।  সে বিনিয়োগ না থাকলে বেঈমানি ও গাদ্দারী হয়। নবীজী (সা:)’য়ের যুগে এমন বেঈমান ও গাদ্দারদের মুনাফিক বলা হয়েছে।


মুমিনের দায়: জিহাদ নিয়ে বাঁচা

দুর্বৃত্তির নির্মূল ও ন্যায়ের প্রতিষ্ঠার কাজটি নামাজ রোজা, হজ্জ যাকাত, দোয়া-দরুদ, কুর’আন তেলাওয়াত এবং কুর’আনের হাফিজ হওয়ার মধ্য দিয়ে হয় না। এ ফরজ ইবাদতগুলির কাজ ব্যক্তির জীবনে পরিশুদ্ধি আনা। যেমন নামাজের কার্যকারিতা নিয়ে মহান রব’য়ের বয়ান: “ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার।” অর্থ: নিশ্চয়ই নামাজ অশ্লিলতা ও দুর্বৃত্তি থেকে দূর রাখে। কিন্তু সমাজ ও রাষ্ট্রীয় অঙ্গণে পরিশুদ্ধি আনার হাতিয়ারটি হলো জিহাদ। সেটি যেমন বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জিহাদ হতে পারে, তেমনি হতে পারে সশস্ত্র জিহাদ। নীরবতা ও নিষ্ক্রিয়তা কেবল দুর্বৃত্তদের বিজয়ী হতে সাহায্য করে; তাই সেটি হারাম। এজন্যই ইসলামে শুধু নামাজ রোজা ও হজ্জ যাকাত ফরজ করা হয়নি, ফরজ করা হয়েছে জিহাদও। তাই  ঈমানদার হওয়ার অর্থ শুধু মহান আল্লাহ তায়ালা, তার রাসূল ও তাঁর দ্বীনের উপর ঈমান আনা নয়, শুধু নামাজ রোজা ও হজ্জ যাকাত পালন নিয়ে বাঁচা নয়, বরং মহান আল্লাহ তায়ালার এজেন্ডাকে বিজয়ী করার জিহাদ নিয়ে বাঁচাও। তাই যাদের জীবনে ঈমান ও নেক আমলের সাথে জিহাদ রয়েছে, ঈমানের দাবীতে একমাত্র তারাই সাচ্চা। সে বয়ানটি এসেছে সুরা হুজরাতের ১৫ নম্বর আয়াতে। তাই জিহাদশূণ্যতার অর্থই ঈমানশূণ্যতা।

ঈমানের দাবী বহু ঘুষখোর, সূদখোর, চাঁদাবাজ, মিথ্যাবাদী প্রতারক এবং ফাসেক-মুনাফিকও করতে পারে। কিন্তু প্রকৃত ঈমানদার তো তারাই যাদের জীবনে মহান রব’য়ের এজেন্ডাকে বিজয়ী করার জিহাদ রয়েছে। ঈমানদার কখনোই তাঁর মহান রব’য়ের সৃষ্ট এ পৃথিবীতে শয়তানী শক্তির বিজয় দেখে নীরব ও নিষ্ক্রিয় থাকে না। নীরবতা ও নিষ্ক্রিয়তার অর্থ অর্পিত খলিফা ও সৈনিকের দায়িত্বের সাথে গাদ্দারী। সেটি স্পষ্ট মুনাফিকি। বরং প্রকৃত ঈমানদার নিজের অর্থ, মেধা, শক্তি ও রক্ত দিয়ে জিহাদে নামে। এদেরই পুরস্কৃত করা হবে জান্নাতে দিয়ে। ব্যক্তির ঈমান হলো তাঁর অন্তরের অদৃশ্য বিষয়; কিন্তু জিহাদ হলো ঈমানের প্রকাশ্য রূপ। অর্থাৎ অন্তরে ঈমান থাকলে তা জিহাদের মধ্য দিয়ে প্রকাশ পায়। আগুনের প্রকাশ যেমন উত্তাপের মধ্যে, ঈমানের প্রকাশ তেমনি জিহাদের মধ্যে। কারো জীবনে জিহাদ না থাকলে বুঝতে হবে, তার মাঝে শূণ্যতা ঈমানের। এমন ব্যক্তি ঈমানের দাবী করলে বুঝতে হবে, সেটি মুনাফিকি। প্রশ্ন হলো, যেসব বাংলাদেশীরা মিথ্যাচার, অবিচার ও দুর্বৃত্তির নির্মূল না করে বরং গুম, খুন, ধর্ষণ, অপহরণ, সন্ত্রাস, চুরি-ডাকাতি, ভোট ডাকাতির প্লাবন আনে, শরিয়া বিলুপ্ত রাখে দেশের আদালতে এবং দুর্বৃত্তিতে বাংলাদেশকে বার বার বিশ্বে প্রথম স্থানে পৌঁছে দেয় - তাদের অপরাধ তো শয়তানের এজেন্ডাকে বিজয়ী করার। এমন অপরাধীরা কি নিজেদেরকে মুসলিম রূপে দাবী করতে পারে?

প্রতিটি মুসলিমের প্রতি মহান আল্লাহ তায়ালার হুকুম:

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌۭ يَدْعُونَ إِلَى ٱلْخَيْرِ وَيَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ ۚ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ

অর্থ: “এবং তোমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে এমন এক উম্মত বা দল -যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে, ন্যায়ের আদেশ দিবে এবং অন্যায়কে রুখবে। এবং তারাই হলো সফলকাম।” –(সুরা আল-ইমরান, আয়াত ১০৪)।

উপরিউক্ত আয়াত থেকে এ বিষয়টি সুস্পষ্ট, পূর্ণ মুসলিম রূপে বাঁচার কাজটি কখনোই একাকী সম্ভব নয়। তাকে শুধু পরিবার ও সমাজ গড়লে চলে না। এ জীবনে সফল করতে হলে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে শর্ত হলো, তাকে জন্ম দিতে হয় এমন এক উম্মাহর যার কাজ মানুষকে কল্যাণের পথে ডাকা, ন্যায়ের প্রতিষ্ঠা দেয়া এবং অবিচার ও অন্যায়ের নির্মূল করা। প্রশ্ন হলো, উম্মাহ বলতে কি বুঝায়? উম্মাহ বলতে বুঝায় নানা ভাষা, নানা বর্ণ, নানা গোত্র ও নানা অঞ্চলের নরনারীদের নিয়ে এমন এক জনগোষ্ঠি যারা একতাবদ্ধ হয় এবং লড়াই করে এক অভিন্ন বিশ্বাস ও এক অভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক এজেন্ডাকে বিজয়ী করতে। একতা একাজে অপরিহার্য। মুসলিমদের উপর ফরজ হলো, ভাষা, বর্ণ, গোত্র, দল ও জাতীয় পরিচয়ে বিভক্ত না হয়ে একতাবদ্ধ উম্মাহ রূপে বাঁচা। সেসাথে শর্ত হলো মহান রব’য়ের এজেন্ডাকে মুসলিম উম্মাহর এজেন্ডায় পরিণত করতে হয়। সে এজেন্ডার মধ্যে যেমন দুর্বৃত্তি, অবিচার ও অন্যায়ের নির্মূল থাকতে হয়, তেমনি থাকতে হয় ন্যায় ও সুবিচারের  প্রতিষ্ঠা। মুসলিম উম্মাহ রূপে বাঁচার সে কাজটি কখনোই মসজিদের জায়নামাজে বা নিজ এলাকায় ও নিজ মহল্লায় সীমিত রেখে হয়না। বরং সে কাজকে রাষ্ট্রীয় ও আন্তঃরাষ্ট্রীয় অঙ্গণে নিয়ে আসতে হয়। তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি সেকাজে হাতিয়ারে পরিণত হয়। =

উম্মাহ রূপে বাঁচার তাড়নাটি ঈমানদারকে অন্য মুসলিমদের সাথে ভাতৃত্বের বন্ধন নিয়ে বাঁচতে শেখায়। তখন সে অন্য ভাষা, অন্য বর্ণ ও অন্য এলাকার মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয় এবং নামে বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও সশস্ত্র লড়াইয়ের ময়দানে। মুসলিম উম্মাহর মাঝে এমন একতার প্রতিষ্ঠা নামাজ রোজার ন্যায় ফরজ। এ ফরজ পালিত না হলে ব্যর্থ হয় ইসলামী রাষ্ট্র নির্মাণের জিহাদ। মহান রব’য়ের এজেন্ডা তখন কিতাবেই থেকে যায়। দখলদার শত্রু পক্ষ কখনোই ইসলামের বিজয় বিনা যুদ্ধে হতে দিতে রাজী নয়। জিহাদ এ জন্যই সর্বশ্রেষ্ঠ ইবাদত; কারণ, একমাত্র জিহাদই ইসলামের বিজয় আনে। বস্তুত মুসলিমের রাজনীতি বলতে বুঝায় এই জিহাদ; এর বাইরে মুসলিম দেশের রাজনীতিতে জাতীয়তাবাদ, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সেক্যুলারিজম ও অন্য মতবাদ নিয়ে যা কিছু আজ ঘটছে -সে গুলি নিরেট বিদয়াত ও জাহিলিয়াত। এসব মতবাদী রাজনীতি ইসলামে হারাম। এগুলির উদ্ভব ঘটানো হয়েছে ইসলাম, জিহাদ ও নবীজী(সা:)’য়ের সূন্নতের বিলুপ্তির লক্ষ্যে এ ধরণের রাজনীতি হলো শয়তানের হাতিয়ার। মুসলিমগণ যেদিন থেকে রাষ্ট্রীয় ক্ষমতাকে জাতীয়তাবাদী, গোত্রবাদী, সেক্যুলারিষ্ট, স্বৈরাচারী, রাজতন্ত্রীদের ছেড়ে দিয়ে ইসলাম-পালনকে স্রেফ মসজিদের জায়নামাজে সীমিত করেছে -তখন থেকেই পরাজয়ের শুরু। তখন থেকেই রাজনীতি, বুদ্ধিবৃত্তি, শিক্ষা সংস্কৃতি, রাষ্ট্রীয় প্রশাসন, আদালত, মিডিয়া, পুলিশ বাহিনী ও সেনাবাহিনী পরিণত হয়েছে মিথ্যাচার, মিথ্যা মতবাদ ও দুর্বৃত্তি প্রতিষ্ঠার হাতিয়ারে। এবং বিলুপ্ত হয়েছে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার জিহাদ; ফলে জোয়ার এসেছে নানাবিধ অন্যায় ও পাপাচারের। পাপাচারের প্লাবন মুসলিম দেশগুলোকে এমন এক পর্যায়ে পৌঁছে দিয়েছে যে, বাংলাদেশের ন্যায় দেশগুলি দুর্বৃত্তিতে বার বার বিশ্বরেকর্ড গড়ছে।

ইসলামী রাষ্ট্র কেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি?

কোন কিছুর শ্রেষ্ঠত্ব যাচাই হয় তার কল্যাণকারীতা দিয়ে। তাজমহল দেখতে সুন্দর হতে পারে; কিন্তু জনগণের জন্য তার কল্যাণকারিতা কি? সে প্রশ্নটি উঠতে পারে পিরামিডকে নিয়ে। বহু শ্রম ও বহু অর্থ ব্যয়ে তাজমহল ও পিরামিড নির্মিত হয়েছে মৃতদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে; সেগুলির নির্মাণে জনগণের কল্যাণে ভাবনা ছিল না -যেমনটি থাকে স্কুল কলেজ, হাসপাতাল বা কারখানা নির্মাণে। এদিক দিয়ে ইসলামী রাষ্ট্রের কল্যাণকারিতার তুলনা হয়না। রাষ্ট্রের কাজ শুধু শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রাস্তা ঘাট, কলকারখানা ও ভৌতিক অবকাঠামো নির্মাণ নয়। বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো জান্নাতের যোগ্যা মানব নির্মাণ। সে যোগ্য মানবগুলি বন জঙ্গলে যেমন গড়ে উঠে না, তেমনি গড়ে উঠে না কাফির, ফাসিক, স্বৈরাচারী, জাতীয়তাবাদী, সেক্যুলারিস্ট ও কম্যুনিস্ট শাসিত রাষ্ট্রে। এসব অনৈসলামিক রাষ্ট্রের কাজ হয় দেশের জনগণকে তাদের অনুগত প্রজা, চাকর বাকর ও জাহান্নামের বাসিন্দা রূপে গড়ে তোলা। সেসব সেক্যুলার রাষ্ট্রের ভাবনা স্রেফ ইহজগতকে ঘিয়ে, সেখানে আখেরাতের ভাবনা কাজ করে না। অথচ জান্নাতের যোগ্য হওয়ার জন্য চাই চেতনা, চরিত্র, কর্ম, রাজনীতি ও সংস্কৃতির গভীর পরিশুদ্ধি। সে পরিশুদ্ধ চরিত্রের সাথে চাই তাকওয়া ও নেক আমল। এ ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের গুরুত্ব অপরিসীম। এক দিকে সেটি যেমন গড়ে নেক আমলের সহায়ক পরিবেশ; তেমনি কাজ করে পরিশুদ্ধি করণের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার রূপে। কারণ, একমাত্র রাষ্ট্রের হাতে থাকে শিক্ষা প্রতিষ্ঠান, প্রকাশনা প্রতিষ্ঠান, আইন আদালত, পুলিশ, মিডিয়াসহ সমাজ পরিশুদ্ধির শক্তিশালী অবকাঠামো। পরিশুদ্ধিকরণের কাজটি হয় কুর’আন ভিত্তিক জ্ঞান দান, পূর্ণ দ্বীন পালনের স্বাধীন পরিবেশ, দূষণমুক্ত সংস্কৃতি, ইসলামী জ্ঞান সমৃদ্ধ বই, কল্যাণের রাজনীতি এবং বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা। ইসলামী রাষ্ট্রের নির্মাণ এজন্যই ফরজ। ইসলামী রাষ্ট্রের নির্মাণ শুধু স্বাধীনতা, নিরাপত্তা ও ইজ্জত নিয়ে বাঁচার  জন্যই শুধু জরুরি নয়, বরং অতিশয় জরুরি হলো সিরাতাল মুস্তাকীমে চলার কাজটি সহজ করার জন্যও। অনৈসলামী রাষ্ট্রে সে সহজ নয়।

একমাত্র ইসলামী রাষ্ট্রই দেয় ঈমানদার রূপে বেড়ে উঠা এবং পূর্ণ দ্বীন পালনের নিরাপদ ও সহায়ক পরিবেশ। অন্য কোন রাষ্ট্র সেটি করে না। পূর্ণ দ্বীন পালনের অর্থ শুধু কুর’আন পাঠ, নামাজ রোজা ও হজ্জ যাকাত পালনের স্বাধীনতা নয়। বরং চাই কুর’আন শিক্ষা, শরিয়া পালন, দুর্বৃত্তির নির্মূল ও সুবিচারের প্রতিষ্ঠায় জিহাদের স্বাধীনতা। থাকতে হয় বিশ্বশক্তি রূপে উম্মাহর বেড়ে উঠার আয়োজন। ফলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না পেলে সেগুলি শুধু কিতাবেই থেকে যায়। এজন্যই ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা নবীজী (সা:)’য়ের কাছে এতো গুরুত্ব পেয়েছিল। এবং সেটিই ছিল সাহাবাদের জান ও মালের কুর’বানীর সবচেয়ে বড় খাত। প্রতি যুগে এবং প্রতিটি মুসলিমের জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন রাজনৈতিক এজেন্ডা থাকতে পারেনা। আখেরাতে তো তারাই সফল হয় যাদের জীবন কাটে এমন একটি এজেন্ডাকে বিজয়ী করার জিহাদ নিয়ে। এবং এটিই হলো নবীজী (সা:)’য়ের শ্রেষ্ঠ সূন্নত। তাঁর ১০ বছরের মদিনার জীবনে তিনি ৮৩টি  যুদ্ধ সংঘটিত করেছিলেন। সমগ্র মানব ইতিহাসে এটিই হলো এতো অল্প সময়ে সর্বোচ্চ সংখ্যক জিহাদের রেকর্ড। সে জিহাদের ফসল হলো, সমগ্র মানব ইতিহাসের একমাত্র সে সময়েই নির্মিত হয়েছিল পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে কল্যাণকর রাষ্ট্রটি। সেটিই হলো ইসলামী রাষ্ট্র -যা বেঁচেছিল ৩৯টি বছর। পরিতাপের বিষয় হলো, নবীজী (সা:) অক্লান্ত মেহনত এবং অর্ধেকের বেশী সাহাবার শাহাদতের বিনিময়ে অর্জিত মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সে অর্জনকে গোত্রবাদী ও ক্ষমতালোভী আরব দুর্বৃত্তগণ ধ্বংস করে দেয়। মহান রব’য়ের এজেন্ডা এবং মুসলিম উম্মাহর বিরুদ্ধে এটিই হলো ইতিহাসের সবচেয়ে বড় নাশকতা। এমন নাশকতা কখনোই কোন মুসলিমের কর্ম হতে পারে না। সে নাশকতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নবীজী (সা:)’য়ের নাতী এবং জান্নাতের যুব সর্দার ইমাম হোসেন (রা:)। তাঁকে এবং তাঁর ৭২ জন সাথীকে কারবালার প্রাঙ্গণে গোত্রবাদী দুর্বৃত্তরা নির্মম ভাবে শহীদ করে। 

এ পৃথিবী পৃষ্ঠের মানবের হাতে নির্মিত সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে কল্যাণকর সৃষ্টি হলো ইসলামী রাষ্ট্র। সেরূপ একটি রাষ্ট্র নির্মাণ করেছিলেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব নবীজী (সা:)। এমন রাষ্ট্র কোন রাজা বা দলের এজেন্ডাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে না; বরং কাজ করে মহান রব’য়ের এজেন্ডাকে বিজয়ী করার লক্ষ্যে। এবং জনগণকে একাত্ম করে মহান আল্লাহ তায়ালার এজেন্ডার সাথে। এমন রাষ্ট্র কাজ করে জান্নাতের বাহন রূপে। পৃথিবী পৃষ্ঠের আর কোন প্রতিষ্ঠানই মানবের এ বিশাল কল্যাণকটি করেনা। তাই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ কর্মটি হলো এমন একটি রাষ্ট্র নির্মাণের জিহাদে সৈনিক হওয়া। নবীজী (সা:)’য়ের সাহাবাগণ এ কাজের গুরুত্ব বুঝেছিলেন, তাই অর্ধেকের বেশি সাহাবা সে কাজে শহীদ হয়ে যান। তাই তারা মহান আল্লাহর কাছে সমগ্র মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব রূপে আখ্যায়ীত হয়েছেন। আর আজকের মুসলিমদের ব্যর্থতা ও বিপর্যয়ের মূল কারণ, তারা ব্যর্থ হয়েছে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কর্মটির গুরুত্ব বুঝতে। তাই তারা ইসলামী রাষ্ট্র নির্মাণের জিহাদের নাই। ফলে নবীজী (সা:) বাংলাদেশের একটি উপজেলার জনসংখ্যার চেয়ে কম জনশক্তি নিয়ে বাংলাদেশের চেয়ে ২০ গুণ বৃহৎ ইসলামী রাষ্ট্র গড়তে সমর্থ হলেও ২০০ কোটি মুসলিম ব্যর্থ হয়েছে একটি ক্ষুদ্র ইসলামী রাষ্ট্র নির্মাণে। অভাব এখানে ঈমানের, নিয়তের এবং আল্লাহর পথে জিহাদের। তারা নিজেদের ব্যস্ত রেখেছে ইসলামশূণ্য দলবাদী, জাতীয়তাবাদী বা বাম ধারার সেক্যুলার হারাম রাজনীতিতে। এমন  পথটি যে নিশ্চিত জাহান্নামের পথ সে হুশও তাদের নাই।  

প্রতিটি মুসলিমের ঈমানী দায় হলো, সে সৈনিক হবে মহান নবীজী (সা:) ও তাঁর সাহাবাদের ন্যায় ইসলামী রাষ্ট্রের ন্যায় মহাকল্যাণকর রাষ্ট্রের নির্মাণে। এ কাজের জন্যই সে মহান আল্লাহর খলিফা এবং তাঁর সার্বক্ষণিক আনসার। এক দেশের সৈনিক যেমন অন্য দেশের সৈনিক হতে পারে না; তেমনি যে ব্যক্তি মহান আল্লাহর খলিফা ও আনসার, সে কখনোই অন্য ব্যক্তি বা দলের খলিফা ও সৈনিক হতে পারে না। এবং ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ বা ধর্ম কখনোলাই তার আদর্শ হতে পারেনা। সেটি হারাম। এজন্যই কোন ঈমানদার ব্যক্তি কোন সেক্যুলার জাতীয়তাবাদী বা বামধারার রাজনৈতিক দলের সদস্য হতে পারে না। বরং সেটি হলো তার উপর অর্পিত মহান আল্লাহতায়ালার খলিফা এবং তাঁর আনসার হওয়ার দায়ের সাথে গাদ্দারি।   

ইসলামী রাষ্ট্র নির্মাণের ন্যায় মহান কাজটি তো একমাত্র তারাই করতে পারে যারা সত্যিকার ঈমানদার, এবং যারা নিজেদের নিয়োজিত করে জিহাদের ন্যায় সর্বশ্রেষ্ঠ ইবাদতে। ইসলামী রাষ্ট্র নির্মাণের লড়াইটি মূলত আল্লাহতায়ালার নিজস্ব যুদ্ধ; পবিত্র কুর’আনে তিনি এ যুদ্ধকে বার বার আখ্যায়ীত করেছেন “জিহাদ ফি সাবিলিল্লাহ” অর্থাৎ আল্লাহর পথে জিহাদ রূপে। নিজের সে পবিত্র জিহাদে তিনি কখনোই কোন মুনাফিককে অংশ নেয়ার সুযোগ দেননা। ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরোধী হওয়ার অপরাধটি বিশাল; সেটি আল্লাহতায়ালার বিরুদ্ধে যুদ্ধের। অপরাধ এখানে ইসলামের প্রতিষ্ঠাবিরোধী ও শরিয়াবিরোধী হওয়া। এটি কখনোই কোন মুসলিমের কাজ হতে পারে না; এরাই শত্রু ইসলাম ও মুসলিম উম্মাহর। বুঝতে হবে, যেখানেই ইসলাম ও মুসলিম আছে, সেখানে শয়তান ও তার দলের সৈনিকও আছে। বাংলাদেশে শয়তানের সৈনিকদের সংখ্যাটি বিশাল। ইসলামের এ শত্রুগণ মুসলিম দেশগুলিতে কখনো গুপ্ত, কখনো বা শাসকের আসনে দৃশ্যমান। প্রতিটি মুসলিমের ঈমানী দায় হলো, ইসলামের এ শত্রুদের সনাক্ত করা ও তাদের নির্মূলে যুদ্ধ করা। নবীজী (সা:) ও তাঁর সাহাবাগণ সে কাজটিই আমৃত্যু করেছেন। তাদের নির্মূলের কাজটি না হলে ইসলামী রাষ্ট্র নির্মাণের কাজ কখনোই সফল হয় না; এমন কি নির্মিত হলেও সে রাষ্ট্র বেশি কাল বাঁচে না।

অনৈসলামী রাষ্ট্র কেন মানব ইতিহাসের সর্বনিকৃষ্ট সৃষ্টি? 

যে রাষ্ট্রগুলি ইসলামী নয়, সেগুলি কাজ করে জাতীয়তাবাদী, বর্ণবাদী, রাজতন্ত্রী, সেক্যুলারিস্ট ও কম্যুনিস্ট এজেন্ডাকে বিজয়ী করতে। শয়তানের এজেন্ডাই হলো প্রতিটি অনৈসলামী রাষ্ট্রের মূল এজেন্ডা। অনৈসলামী রাষ্ট্রগুলোর কাজ, শয়তানের এজেন্ডা ও তার বাহিনীর সাথে জনগনকে সম্পৃক্ত করা। ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা রোধ এবং শয়তানের এজেন্ডাক বিজয়ী করাই এমন রাষ্ট্রের মূল এজেন্ডা। ফলে এমন রাষ্ট্রে কখনো মহান রব’য়ের সার্বভৌমত্ব থাকে না, আদলতে শরিয়ার বিচার থাকে না এবং শিক্ষাব্যবস্থায় কুর’আন থেকে জ্ঞানদান থাকে না। এবং এমন রাষ্ট্রে থাকে না দুর্বৃত্তি নির্মূল ও সুবিচার প্রতিষ্ঠার জিহাদ। এভাবে অনৈসলামী রাষ্ট্র মাত্রই পরিণত হয় জাহান্নামের বাহনে। ফলে এমন রাষ্ট্রই হলো মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে ক্ষতিকর সৃষ্টি।  

পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে নিকৃষ্ট পাপ কর্ম হলো অনৈসলামী রাষ্ট্রের নির্মাণ। কারণ, এমন রাষ্ট্রের নির্মাণের অর্থ: রাষ্ট্র ও তার বিশাল রাষ্ট্রীয় অবকাঠামো শয়তানের হাতে তুলে দেয়া। তখন সে রাষ্ট্র ও তার প্রাতিষ্ঠানিক অবকাঠামো ইসলামের বিরুদ্ধে যুদ্ধে শয়তানের শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়। বস্তুত পৃথিবী পৃষ্ঠে শয়তানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটি মূর্তিপূজা, মন্দির বা পূজামণ্ডপ নয়। পতিতা পল্লী, মদ্যশালা বা জুয়ার আখড়াও নয়। বরং সেটি হলো অনৈসলামী রাষ্ট্র।  পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান রাষ্ট্র হওয়াতে অনৈসলামী এ রাষ্ট্রগুলির নাশকতার মাত্রাও বিশাল ও ভয়ানক। শিক্ষা ব্যবস্থা, প্রশাসন, আইন ও আদালত, পুলিশ ও সেনাবাহিনী -রাষ্ট্রের এরূপ প্রতিটি প্রতিষ্ঠানই তখন ইসলামের বিরুদ্ধে যুদ্ধে শয়তানের হাতিয়ারে পরিনত হয়। তাই হারাম হলো এমন রাষ্ট্রের প্রতিষ্ঠা ও পরিচালনার সাথে জড়িত হওয়া।

বস্তুত প্রতিটি অনৈসলামী রাষ্ট্র হলো সে রাষ্ট্রের বেঈমান শাসক ও জনগণের বেঈমানির দৃশ্যমান রূপ। শয়তানের এজেন্ডাই হলো সে রাষ্ট্রের এজেন্ডা। শয়তানের যুদ্ধই হলো তাদের যুদ্ধ। বস্তুত তাদের সে যুদ্ধটি হলো মহান আল্লাহর ভূ-রাজনৈতিক, বৈচারিক, প্রশাসনিক ও সামাজিক এজেন্ডার বিরুদ্ধে। এমন রাষ্ট্রের নির্মাণে কখনোই কোন ঈমানদার অংশ নেয় না। এজন্যই ১৯৪৭ সালে দক্ষিণ এশিয়ার অধিকাংশ মুসলিম কংগ্রেসের হিন্দুত্ববাদী ভারত নির্মাণের প্রকল্পে অংশ নেয়নি। তারা পাকিস্তানের পক্ষ নিয়েছে। ১৯৭১’য়ে পৌত্তলিক ভারতের রাজনৈতিক ও সামরিক সাহায্য নিয়ে বাঙালি জাতীয়তাবাদী, বর্ণবাদী, আঞ্চলিকাতাবাদী সেক্যুলারিস্ট ধারার একটি রাষ্ট্র নির্মিত হয় বাংলাদেশে। কোন ইসলামী দল, কোন আলেম, কোন মুফতি ও কোন পীর সেটিকে সমর্থন দেয়নি। কারণ, সেটি ছিল ভারতসেবী বাঙালি সেক্যুলারিস্টদের প্রজেক্ট, সেখানে ইসলাম ও ইসলামপন্থীদের কোন স্থান ছিল না। ইসলামকে বিজয়ী করাও মুক্তিবাহিনীর এজেন্ডা ছিল না। তাছাড়া রাষ্ট্র নির্মাণে প্রতিটি মুসলিমের জন্য একমাত্র অনুকরণীয় সূন্নতটি হলো নবীজী (সা:)’য়ের সূন্নত। তিনি যেরূপ মদিনায় ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা দিয়েছিলেন, মুসলিমের দায় হলো সেরূপ একটি রাষ্ট্রের নির্মাণের জিহাদে আত্মনিয়োগ করা। তাই কোন জাতীয়তাবাদী সেক্যুলার রাষ্ট্র কোন ঈমানদারের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।   

নবীজী (সা:)’য়ের রাষ্ট্রটি ছিল তৎকালীন মুসলিম উম্মাহর সম্মিলিত জিহাদের ফসল। যেদেশে জিহাদ নাই, সে দেশে কখনোই ইসলামী রাষ্ট্র নির্মিত হয়না। জিহাদ থেকে যে রাষ্ট্র জন্ম নেয় সে রাষ্ট্রের কর্তাব্যক্তিদের দায় হলো, সে জিহাদকে জনগণের জীবনে অবিরাম বাঁচিয়ে রাখা। কারণ, জনজীবন থেকে জিহাদ বিলুপ্ত হলে বিলুপ্ত হয় ইসলামী রাষ্ট্রও। তখন বিলুপ্ত হয় পূর্ণ ইসলাম পালনের সহায়ক পরিবেশ। তখন বাঁচতে হয় আদালতে কুফুরি আইন, অর্থনীতিতে সূদ, নগর বন্দরে পতিতাপল্লী, রাজনীতিতে জাতীয়তাবাদ ও সেক্যুলারিজম এবং শিক্ষালয়ে কাফিরদের সাহিত্য ও মতবাদ নিয়ে। তখন ভাসতে হয় জাহিলিয়াত ও দুর্বৃত্তির জোয়ারে। বাংলাদেশ তো তারই উজ্জ্বল উদাহরণ। নবীজী (সা:) ও খোলাফায়ে রাশেদার আমলে ইসলামী রাষ্ট ছিল বলেই বিশ্বের বিশাল ভূ-ভাগের কোটি কোটি মানুষ জান্নাতের পথ পেয়েছিল এবং নিজেদেরকে জান্নাতের যোগ্য রূপে গড়ে তোলার সুযোগ পেয়েছিল। ইসলামী রাষ্ট্রের গুরুত্ব এখানেই। কিন্তু আজ সে ইসলামী রাষ্ট্র নাই। ফলে কোটি কোটি মানুষ ভেসে যাচ্ছে জাতীয়তাবাদ, ফ্যাসিবাদ, সেক্যুলারিজম, কম্যুনিজম ইত্যাদি নানা মতবাদী রাজনীতির তীব্র স্রোতে; এবং সেটি জাহান্নামের দিকে।       

 
ইসলামী রাষ্ট্র নির্মাণের জিহাদ: ঈমানের পরীক্ষা ক্ষেত্র 

পবিত্র কুর’আনে যে বিষয়টি মহান আল্লাহ তায়ালা বার বার উল্লেখ করেছেন তা হলো, পরীক্ষায় পাশ না করে জান্নাত পাওয়ার কোন পথ নাই। সে পরীক্ষা নবী রাসূলদেরও দিতে হয়েছে। এবং পরীক্ষা নেয়াই মহান আল্লাহ তায়ালার সূন্নত। মু’মিনকে শুধু আল্লাহ তায়ালা ও তাঁর রাসূলের পক্ষে সাক্ষী  দিলে চলে না, পরীক্ষাটি দিতে হয় “সত্য ও সুবিচারের প্রতিষ্ঠা ও মিথ্যা ও অবিচারের নির্মূলে নিজের শ্রম, সময়, মেধা, অর্থ ও প্রাণের বিনিয়োগের  মধ্য দিয়ে। এমন কি এ পথে তাকে শহীদও হতে হয়। ঈমানের দাবীতে কে সাচ্চা এবং কে ভণ্ড –সেটি প্রকাশ করে দেয়ার জন্যই এ পরীক্ষা। ফলে মুনাফিকি গোপন রাখার কোন পথ নাই। সে কথা এসেছে নিচের আয়াতে:

وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ

অর্থ: “আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নিশ্চয় জেনে নেবেন যারা মুনাফেক।”-(সুরা আনকাবুত, আয়াত ১১)।

পরীক্ষা নেয়া হয় ঈমানদারদেরকে জালেম শক্তির মুখোমুখি হাজির করে। কুর’আন পাঠ, নামাজ রোজা ও হজ্জ যাকাত পালনে ঈমানের সে কঠিন পরীক্ষাটি হয় না। সেরূপ ইবাদত বহু জালেম, ফাসেক, মুনাফিক, ঘুষখোর, সূদখোর, মিথ্যাবাদী দুর্বৃত্তগণও পালন করতে পারে। যা সবাই করতে পারে -তা দিয়ে কখনো কে ঈমানদার এবং কে বেঈমান সে বাছাইয়ের কাজটি হয়না। যে নামাজ বেঈমানগণ ও মুনাফিকগণও পড়তে পারে -তা দিয়ে ঈমানদারের বাছাইয়ের কাজটি হয়নি। বাছাইয়ের সে কাজটি করে জিহাদ। কারণ, বেঈমানগণ কখনো জিহাদের ধারে কাছে যায় না; তারা বরং জিহাদের বিরুদ্ধে গালিগালাজ করে। জিহাদ তাই ঈমানদার বাছাইয়ের শ্রেষ্ঠ পরীক্ষা।

এ পার্থিব জীবনের পুরা মেয়াদ ও পুরা কর্মক্ষেত্রই হলো মু’মিনের জন্য পরীক্ষা পর্ব। বস্তুত পরীক্ষা নেয়ার জন্যই মানবের সৃষ্টি ও পৃথিবী পৃষ্ঠে আগমন। এবং  আখেরাত হলো প্রতিদানের জন্য। যারা পরীক্ষায় পাশ করে তাদের জন্য জান্নাত এবং যারা ফেল করে তাদের জন্য হলো জাহান্নাম। সেটির উল্লেখ মহান রব’য়ের সে পরিকল্পনার ঘোষণা এসেছে সুরা মুলকের ২ নম্বর আয়াতে। নিশ্চিত পরীক্ষার বিষয়টি চেতনায় ধারণ করে যারা প্রতিদিন প্রতি ঘন্টা প্রস্তুতি নেয়, একমাত্র তারাই পরীক্ষায় পাশ করে। অধিকাংশ মানুষের অবস্থা এমন, তারা পরীক্ষার বিষয়টি বিশ্বাস করে বটে, কিন্তু বেশি বেশি অর্থ সম্পদ, বেশি সামজিক সুখ্যাতি ও বেশি আনন্দ ফুর্তিতে ডুবে থাকার কারণে পরীক্ষার প্রস্তুতির সময় থাকে না। তারই পরীক্ষা ফেল করে এবং জাহান্নাম পায়। পরীক্ষায় পাশের পরই আসে প্রমোশন। সফল মু’মিনের জীবনে সে বিশাল প্রমোশনটি আসে জান্নাতপ্রাপ্তির মধ্যে দিয়ে। তখন শুরু হয় আনন্দ-উপভোগময় এক মৃত্যুহীন জীবন। দুনিয়ার এ জীবনে কোন কিছুই বিনা মূল্যে জুটে না, সব কিছুর মূল্য দিয়ে কিনতে হয়। প্রাপ্তিটি যত বড়, মূল্যও তত বিশাল। ঈমানদারদেরও তাই জান্নাতের মূল্য পরিশোধ করতে হয় মৃত্যুর আগেই। এমন কি মূল্য পরিশোধ করতে হয়েছে নবীজী (সা:) ও তাঁর সাহাবাদেরও। তবে সে মূল্যটি পরিশোধের নিয়মটি ভিন্ন; জান্নাত সম্পদ দিয়ে কেনা যায় না। কিনতে হয় জীবন-ভর আল্লাহ তায়ালার প্রতিটি হুকুম পালনের মধ্য দিয়ে। সে কাজে অর্থ, শ্রম, মেধা, সময় ও রক্তদানের মধ্য দিয়ে। মহান আল্লাহ তায়ালার যে কোন একটি হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ বা অবাধ্যতা সে পরীক্ষায় পাশের সম্ভাবনাকে ধুলিস্যাৎ করে দেয়। পরীক্ষা কি ভাবে নেয়া হবে -সে বিবরণ পবিত্র কুর’আনের বহু সুরাতে বহু ভাবে বর্ণিত হয়েছে। সে পরীক্ষা নিয়ে মহান আল্লাহ তায়ালার নিজের বর্ণনাটি শোনা যাক:

أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا۟ ٱلْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ ٱلْبَأْسَآءُ وَٱلضَّرَّآءُ وَزُلْزِلُوا۟ حَتَّىٰ يَقُولَ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ مَتَىٰ نَصْرُ ٱللَّهِ ۗ أَلَآ إِنَّ نَصْرَ ٱللَّهِ قَرِيبٌۭ

অর্থ: “তোমরা কি মনে করে নিয়েছো যে, তোমরা এমনিতেই (বিনা পরীক্ষায়) জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো  তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অবস্থা আসেনি? অর্থ সংকট ও দুঃখ-ক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা ভীত ও প্রকম্পিত হয়েছিল। এমনকি রাসূল এবং তাঁর সাথের সঙ্গিরা যারা ঈমান এনেছিল তারা বলে উঠেছিল, ”আল্লাহর সাহায্য কখন আসবে?” জেনে রাখো, আল্লাহর সাহায্য অবশ্যই নিকটে।”–(সুরা বাকারা, আয়াত ২১৪)। 5/11/2026