ফিরোজ মাহবুব কামাল
সবচেয়ে বড় ব্যর্থতা প্রসঙ্গে
মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, পবিত্র কুর’আন বুঝতে শেখা এবং তা থেকে জ্ঞানার্জন করা। বস্তুত কে কতটা ঈমানদার ও তাকওয়ার অধিকারী হবে -সেটি নির্ভর করে কুর’আন থেকে অর্জিত জ্ঞানের উপর। অজ্ঞতা নিয়ে যেমন ডাক্তার, বিজ্ঞানী বা আইনবিদ হওয়া যায় না; তেমনি মুসলিমও হওয়া যায়না। সে সত্যটি মহান আল্লাহর চেয়ে আর কে বেশি জানেন? তাই মহান রব নামাজ রোজা ফরজ করার আগের কুর’আন থেকে জ্ঞানার্জন ফরজ করেছেন। কারণ কুর’আন হলো মুসলিম রূপে গড়ে তোলার টেকস্টবুক। ঈমান গড়ে উঠে এবং পুষ্টি পায় কুর’আনী জ্ঞান থেকে। কে সিরাতাল মুস্তাকীম চিনতে সফল হবে এবং কে সে পথে চলতে সমর্থ হবে -সেটিও নির্ভর করে কুর’আনী জ্ঞানের উপর। কুর’আনী জ্ঞান যেমন পথ দেখায়, তেমনি সত্যের পথে চলায় ঈমানী বল জুগায় -অর্থাৎ কাজ করে ইঞ্জিন রূপে। আজকের মুসলিমদের সকল ব্যর্থতার মূল কারণ, তাদের জীবন থেকে পরিত্যক্ত হয়েছে পবিত্র কুর’আন। মহান আল্লাহর দরবারে মুসলিমদের বিরুদ্ধে নবীজী (সা:) যে ভয়ানক অভিযোগটি তুলবেন সেটি হলো, কুর’আন পরিত্যাগ করার -যার উল্লেখ এসেছে সুরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে। নবীজী (সা:)’য়ের সে অভিযোগ যে কতটা সত্য তার প্রমাণ, আজকের মুসলিমরা নিজরাই।
মানব জীবনে সবচেয় বড় পাপ হলো, অজ্ঞ বা জাহেল থাকা। এবং সকল পাপের জন্ম এ অজ্ঞতা থেকেই। অজ্ঞ বা জাহেল ব্যক্তি দুনিয়াতেও সফল হয়না; আখেরাতে সে জান্নাত পাবে কীরূপে? অজ্ঞতার এ পাপ নামাজ রোজা ও হজ্জ যাকাত পালনে দূর হয়না। বরং সে অজ্ঞতা শুদ্ধ ভাবে নামাজ রোজা ও হজ্জ যাকাত পালনও অসম্ভব করে। এজন্যই মুসলিম রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি রাস্তা-ঘাট, ব্রিজ, কলকারখানা নির্মাণ নয়, সেটি হলো ঈমানদার মানব নির্মাণ। সেজন্য জরুরি হলো কুর’আনের জ্ঞানদান। তাছাড়া মহান রব যে ইবাদতকে ফরজ করে ঈমানদার মানুষ গড়ার কাজটি শুরু করেছিলেন, আজও শুরু হওয়া উচিত সেখান থেকেই। তাছাড়া, ঈমানদার মানুষ না গড়ে ইসলামী রাষ্ট্র ও সমাজ নির্মাণের কাজটি কখনো হয়না। তাছাড়া মানব জীবনের সবচেয়ে বড় ইস্যুটি হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং জান্নাত পাওয়া। রাস্তা-ঘাট, ব্রিজ,কলকারখানা ও উন্নত প্রযুক্তি কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না এবং জান্নাতেও নিবে না। জান্নাতে নিবে কুর’আনী জ্ঞান-প্রসূত তাকওয়া ও নেক আমল। এজন্যই রাষ্ট্রের সবচেয়ে বড় দায়টি এ দুনিয়ার জীবনে স্বচ্ছলতা ও আরাম বৃদ্ধি নয়, বরং জনগণকে আখেরাতে জাহান্নামে আগুন থেকে বাঁচানো। নবীজী (সা:) যে রাষ্ট্রটি নির্মাণ করেছিলেন সে রাষ্ট্রের মূল লক্ষ্য ছিল সেটিই। কিন্তু সেরূপ এজেন্ডা সেক্যুলার রাষ্ট্রের থাকে না। সেক্যুলার রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্রের মূল পার্থক্য তো এটিই।
নবীজী (সা:) বলেছেন, “তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠতম ব্যক্তি যে নিজে কুর’আন শিখলো এবং অন্যকে কুর’আন শেখালো।” নবীজী (সা:)’য়ের এই হাদীসটি অন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। সে বার্তাটি হলো, তারাই সবচেয়ে অযোগ্য -যারা কুর’আনের জ্ঞানে জ্ঞানশূণ্য। এবং যারা অবজ্ঞা বা অবহেলা করে পবিত্র কুর’আন থেকে জ্ঞান দানে। অথচ আজ রাষ্ট্রীয় পর্যায়ে মুসলিম উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতটিতেই সবচেয়ে বড় অবহেলা হচ্ছে। পবিত্র কুর’আন থেকে জ্ঞান দানের খাতটি বাংলাদেশের মত দেশগুলিতে একটি খয়রাতী খাত। এটি চলে জনগণের দানের অর্থে; সরকারি বাজেটের অর্থ এ খাতে ব্যয় হয়না। ব্রিটিশ কাফিরগণ যখন শাসক ছিল, তখন এ খাতে অর্থব্যয় না করাই ছিল রাষ্ট্রীয় নীতি। বিস্ময়ের বিষয় হলো, ব্রিটিশ শাসনের অবসানের পরও কাফিরদের সে নীতি আজও বলবৎ রয়েছে। কারণ শাসন ক্ষমতায় বসে আছে তাদের প্রণীত শিক্ষাব্যবস্থায় ডিগ্রিধারী ইসলামের শত্রুপক্ষ। মহান আল্লাহ তায়ালার কাছে কে শিক্ষিত এবং কে অশিক্ষিত তার একটি নিজস্ব সংজ্ঞা আছে। যারা কুর’আনের জ্ঞানে জ্ঞানশূণ্য অজ্ঞ ও অযোগ্য তারা যতবড় ডিগ্রিধারী ব্যক্তি হোন না কেন, আল্লাহ তায়ালার কাছে তারা নিরক্ষর ও জাহেল। সে নিরক্ষরতার কারণে এমন কি নবেল প্রাইজ পেয়েও তারা সিরাতাল মুস্তাকীম চেনা এবং সে পথে চলার সামর্থ্য পায়না। তাই রবীন্দ্র নাথের মত ব্যক্তিরা বেঁচেছে পৌত্তলিকতার ন্যায় সনাতন অজ্ঞতা নিয়ে। বুঝতে হবে গল্প ও কবিতা লেখা বা বিজ্ঞানী হওয়া এবং জান্নাতের পথ পাওয়া এক কথা নয়। আখেরাতে এরাই জাহান্নামের বাসিন্দা হয়। মানব সন্তানদের শিক্ষিত করা নিয়ে মহান রব’য়ের যে নীতি -সেটি এ জাহেলরা বুঝবে কিরূপে? মুসলিম সমাজে এমন জাহেলদের সংখ্যা বিশাল। মুসলিম উম্মাহর সকল বিপর্যয়ের মূল কারণ তো এবরাই। গাড়ি যেমন দুর্ঘটনা ঘটায় ব্যর্থ চালকের জন্য, তেমনি রাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়ে রাষ্ট্রের চালকের আসনে বসা এরূপ জাহেল শাসকদের কারণে। এজিদের ন্যায় শাসকেরা শুধু মুসলিম উম্মাহর রাজনীতিকেই বিপথগামী করেনি, বিপদগামী করেছে উম্মাহকে।
কুর’আন শেখার অর্থ স্রেফ পবিত্র কুর’আনের তেলাওয়াত শেখা নয়, বরং সেটি হলো কুর’আন বুঝতে শেখা। মুসলিমদের আজকের সকল ব্যর্থতার মূল কারণ, সম্পদ ও জনসংখ্যায় কমতি নয়, বরং সেটি হলো হলো কুর’আনী জ্ঞানের অজ্ঞতা। কুর’আনী জ্ঞান না থাকায় তারা বাঁচছে প্রচণ্ড জাহিলিয়াত নিয়ে। একারণেই নবীজী (সা:) যে ইসলাম প্রতিষ্ঠা দিয়েছিলেন সে ইসলাম আজ মুসলিম বিশ্বের কোথাও বেঁচে নাই। মুসলিম দেশগুলি থেকে বিলুপ্ত হয়েছে ইসলামী রাষ্ট্র, কুর’আন শিক্ষা, শরিয়া আইনের বিচার, প্যান-ইসলামী মুসলিম ভাতৃত্ব, অন্যায়ের নির্মূল এবং সুবিচার প্রতিষ্ঠার জিহাদ। মুসলিমগণ বাঁচছে গোত্রবাদ, বর্ণবাদ, জাতীয়তাবাদ ও সেক্যুলারিজমের জাহিলিয়াত নিয়ে।
পতনের পথে যাত্রা
উন্নয়নের পথে যাত্রার শুরুটি যেমন চেতনার ভূমিতে, তেমনি পতনের পথে যাত্রার শুরুটিও চেতনার ভূমিতে। তাই নবীজী (সা:)‘য়ের আমলে ইসলামের যাত্রা শুরু হয়েছিল জ্ঞানার্জনকে ফরজ করার মধ্য দিয়ে। সেটি ছিল বুদ্ধিবৃত্তিক জিহাদ। মানব জীবনের পবিত্রতম জিহাদটি হলো অজ্ঞতার বিরুদ্ধে জিহাদ। মহান আল্লাহতায়ালা এ জিহাদকে সুরা ফুরকানের নম্বর ৫২ আয়াতে জিহাদান কবিরা তথা সবচেয়ে বড় জিহাদ বলে আখ্যায়ীত করেছেন। এটি হলো ঈমানদার রূপে বেড়ে উঠার জিহাদ। সে জিহাদ যখন বন্ধ হয়ে যায়, তখন ঈমানদার রূপ বেড়ে উঠাও বন্ধ হয়ে যায়। এরাই নামাজ রোজা ও হজ্জ যাকাত পালন করেও কাফির, জালিম ও বেঈমান হয়। তাদের সে বেঈমানী দৃশ্যমান হয় জিহাদশূণ্যতা এবং ইসলামী রাষ্ট্র নির্মাণে বিরোধীতা থেকে। তাই দেহ বাঁচাতে যেমন নিত্য পানাহার জরুরি, তেমনি ঈমানদার মানব নির্মাণ ও ইসলামী রাষ্ট্র নির্মাণের জিহাদ চালু রাখতে জরুরি হলো জ্ঞানার্জনের ধারাকে অবিরাম জারি রাখা।
নবীজী (সা:)’য়ের হাদীস: সামান্য সময়ের জ্ঞানচর্চা সারা রাতের নফল ইবাদতের চেয়েও উত্তম। এ হাদীসটির মাধ্যমে নবীজী (সা:) বুঝাতে চেয়েছেন, জ্ঞান আহরণের ক্ষেত্রে কোন রূপ বিরতি দেয়া যাবে না। জ্ঞান বিপ্লব আনে চেতনার ভূবনে, তাতে পাল্টে যায় জীবনদর্শন, মূল্যবোধ, বিচারবোধ ও সংস্কৃতি। সে জ্ঞানটি কুর’আন-হাদীসের জ্ঞানে হলে জীবন আলোকিত হয় ওহীর জ্ঞানে। তাতে সৃষ্টি হয় তাকওয়া; তখন পাল্টে যায় শুধু মনের ভূবন নয়, বরং জনগণের আদর্শিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মানচিত্রও। ধ্যানধারণার প্রচারে উত্তম বাহন হলো বই। বুদ্ধিবৃত্তিক যুদ্ধের অস্ত্র হলো এটি। এজন্যই মুসলিম উম্মাহ তার গৌরব কালে শুধু রাজনৈতিক ও ধর্মীয় বিপ্লব আনেনি, বিপ্লব এনেছিল বইয়ের জগতেও। মার্কসবাদের প্রচারে ও প্রতিষ্ঠায় কার্ল মার্কসকে তাই দেশে দেশে ঘুরতে হয়নি। সে কাজটি করে দিয়েছে তার লিখিত বই। ইসলামের প্রচারে এ কাজটি মুসলিমরাও করতে পারতো। কিন্তু তারা সে কাজটি করেনি; এখনো করছে না। ক’জন মুসলিম গুরুত্ব দিচ্ছে এ বুদ্ধিবৃত্তিক জিহাদকে? ক’জন বই লিখছে? বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মত দেশগুলিতে নবীজী (সা:)’য়ের নফল নামাজের ন্যায় তাঁর বহু নফল ইবাদত সূন্নত রূপে গুরুত্ব পেয়েছে, কিন্তু গুরুত্ব পায়নি তাঁর কুর’আন বুঝার ফরজ ইবাদতটি। অথচ নফল পালন না করলে কোন গুনাহ হয়না, অথচ কবিরা গুনাহ হয় ফরজ পালনে অবহেলা দেখালে। ফরজ পরিত্যাগ করলে কাফির হতে হয়। কিন্তু সে হুশ ক’জনের?
বিশ্বের জনসংখ্যার প্রায় সিকি ভাগ মুসলিম। কিন্তু তারা বিশ্বের সকল প্রকাশিত বইয়ের শতকরা ৫ ভাগ বইও লেখে না। ২০২৬ সালের পরিসংখান মতে ৬ কোটি ৬০ লাখ মানুষের দেশ ব্রিটেন। কিন্তু এ দেশটিতে যত বই প্রকাশিত হয় তার অর্ধেক বই ৫০টির বেশি মুসলিম দেশে প্রকাশিত হয়না। কারণ, সৌদি আরব, মিশর, আরব আমিরাত, সিরিয়া, জর্দান, মরক্বো, কাতার, আফগানিস্তান, বাহরাইনের মত বহু মুসলিম দেশে বই লেখা ও বই প্রকাশের কোন স্বাধীনতা নাই। বই লেখা ও বইয়ের প্রকাশ কঠোর ভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত। শেখ হাসিনার শাসনামলে সে বুদ্ধিবৃত্তিক ফ্যাসিবাদ ছিল বাংলাদেশেও। অথচ ইউরোপ-আমেরিকার দেশগুলিতে ইচ্ছামত কথা বলার যেমন স্বাধীনতা রয়েছে, তেমনি রয়েছে ইচ্ছামত বই লেখা ও বই প্রকাশের স্বাধীনতা। পথে ঘাটে মনের ভাব প্রকাশে যেমন সরকারের অনুমতি লাগে না, তেমনি অনুমতি লাগে না বই লিখতে ও প্রকাশ করতে। অথচ অধিকাংশ মুসলিম দেশে সে স্বাধীনতা নাই। সরকারের অনুমতি ছাড়া কোন বই প্রকাশ করা যায় না।
হাত-পা বাঁধা থাকলে কেউ কি নড়াচড়া করতে পারে? তেমনি বুদ্ধিবৃত্তিক অঙ্গণে কঠোর নিয়ন্ত্রন থাকলে বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সামর্থ্য পাবে কি করে? অথচ বুদ্ধিবৃত্তিক যুদ্ধে পরাজিত হলে অসম্ভব হয় রাজনৈতিক ও সশস্ত্র যুদ্ধের ময়দানে সৈনিক পাওয়া। তখন শুরু হয় রণে ভঙ্গ দিয়ে পলায়ন। কারণ, যুদ্ধের জন্য তো জরুরি মনের বল। আর মনের বল তো আসে ঈমানের বল থেকে। এবং ঈমান শক্তি পায় কুর’আন থেকে। হিসাবটি অতি সহজ। সৈনিকের হাত-পা তো তখনই যুদ্ধ করে -যখন তার জ্ঞানসমৃদ্ধ চেতনা সে যুদ্ধে অনুপ্রেরণা জোগায়। মুসলিম দেশের সরকারগুলি তাই পরিকল্পিত ভাবে বুদ্ধিবৃত্তিক অঙ্গণের দখলদারিটি শয়তানী শক্তির হাতে তুলে দিয়েছে। এভাবেই মুসলিম দেশগুলিতে প্রতিহত করা হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ। এ থেকে বুঝা যায়, মুসলিমদের বর্তমান পথযাত্রাটি উন্নয়নের পথে নয়, বরং পতনের পথে। নতুন নতুন শহর, রাস্তাঘাট ও প্রাসাদ গড়ে এ পতন থামানো যাবে না। বেশি বেশি পানাহারে দেহ মোটা হয় বটে, তাতে মানবিক উন্নয়ন আসে না। মানবিক উন্নয়ন আনতে চেতনায় সমৃদ্ধি আনতে হয়। সে কাজে জরুরি দেহের পুষ্টি নয়, চাই মনের পুষ্টি। সে কাজটি করে জ্ঞানসমৃদ্ধ বই। অথচ মুসলিম বিশ্বে তীব্র আকাল পড়েছে এই বইয়ের। বিলুপ্ত হয়েছে জ্ঞানের ক্ষুধা। খাদ্যের ক্ষুধা বিলুপ্ত হলে দেহের মৃত্যু ঘটে, জ্ঞানের ক্ষুধা বিলুপ্ত হলে মৃত্যু ঘটে মন ও মননের। পরিতাপের বিষয় হলো, পতনের সে পথেই দ্রুত ধাবিত হচ্ছে মুসলিমগণ। পতনের সে যাত্রা পথে বাঙালি মুসলিমগণ রয়েছে অগ্রভাগে।
প্রতিষ্ঠা পেয়েছে স্রোতে ভাসার সংস্কৃতি
মুসলিমের ঈমান বেড়ে উঠে কুর’আনী জ্ঞানের গভীরতার অনুপাতে। যতই বাড়ে সে জ্ঞান, ততই বাড়ে জ্ঞানী ব্যক্তির আমলের ওজন। এজন্যই অজ্ঞ ব্যক্তির আমল আর জ্ঞানী ব্যক্তির আমলের ওজন একই রূপ হয়। জ্ঞানীর আমলের উপর মূল্য সংযোজন (value add) ঘটায় তার ইলম। নামাজে যখন সে সুরা তেলাওয়াত করে, সে তেলাওয়াত শুধু মুখেই উচ্চারিত হয় না, আত্মার গভীরেও উচ্চারিত হয়। হজ্জ পালনে গিয়ে আল্লাহ পাকের ঘরের তাওয়াফ কালে যখন সে লাব্বায়েক বলে, তাঁর আত্মাও তখন লাব্বায়েক বলে। সে লাব্বায়েক ধ্বনি তাঁর চেতনায় ইনকিলাব আনে। লাব্বায়েক বলার অর্থ আল্লাহর হুকুম পালনে নিজের সর্বাত্মক প্রস্তুতির ঘোষণা। হজ্জ থেকে ফিরে আসার পর এমন হাজীরা ঘরে বসে থাকে না; আল্লাহর পথে জিহাদে প্রতি হুকুমে লাব্বায়েক বলে। দুর্বৃত্তির নির্মূলে, জালেমের বিরুদ্ধে লড়াইয়ে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জিহাদের এমন হাজীদের আমৃত্যু লাব্বায়েক বলতে দেখা যায়। অথচ জাহিল ব্যক্তির লাব্বায়েক শুধু তাঁর জিহ্বাতে থেকে যায়, হৃদয়ে প্রবেশ করে না। তার লাব্বায়েক ধ্বনি ক্বাবার তাওয়াফ শেষেই শেষ হয়ে যায়। ঘরে ফিরে এরা শয়তানের ডাকে লাব্বায়েক বলে। সেটি দেখা যায় ফ্যাসিবাদী, জাতীয়তাবাদী, সেক্যুলার ও বামধারার রাজনীতির ডাকে লাব্বায়েক বলা দেখে। এ জন্যই মহান রব শুধু ব্যক্তির মুখের উচ্চারণ শোনেন না, উচ্চারণের সাথে ব্যক্তির আত্মার সংযোগ ও অঙ্গীকাটিও দেখেন।
আজ মুসলিম বিশ্বজুড়ে ইসলামের যে পরাজয় -তার মূল কারণ হলো কুর’আনী জ্ঞানের কমতি; জনসংখ্যা ও সম্পদের কমতি নয়। কুর’আনী জ্ঞানের কমতি বা শূণ্যতার কারণে নামাজ রোজা ও হজ্জ যাকাতের ন্যায় আমল বেড়েছে বটে, কিন্তু সে আমলের ওজন বাড়েনি। সমগ্র মুসলিম বিশ্বজুড়ে ছেয়ে আছে অজ্ঞতার কালো মেঘ। তারা অন্যদের ইসলাম কি বুঝাবে, তাদের নিজেদের কাছেই পবিত্র কুর’আন আজ এক অজানা গ্রন্থ। নিজেদের চারিত্রিক কদর্যতা দিয়ে তারা আড়াল করে রেখেছে ইসলামের আসল পরিচয়। তারা নিজেরা ভেসে চলছে অন্যদের সৃষ্ট আদর্শিক, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক স্রোতে। ইসলামের সাথে যাদের সম্পর্ক ছিন্ন হয়েছে, তারা এরূপ স্রোতে ভেসে যেতে বাধ্য। ষাটের দশকে বাংলাদেশের ন্যায় মুসলিম দেশগুলিতে গণ-ধর্মান্তরের ন্যায় কলেজ-বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্র ছাত্রীরা লাখে লাখে দীক্ষা নিয়েছে মার্কসবাদ বা সমাজতন্ত্রের ন্যায় হারাম মতবাদে। এভাবে তারা দূরে সরেছে ইসলাম থেকে। তারা ভেসে গেছে এবং এখনো ভাসছে জাতীয়তাবাদ, ফ্যাসিবাদ, পুঁজিবাদ, সেক্যুলারিজমের হারাম স্রোতে। বস্তুত কুর’আনী জ্ঞানের শূণ্যতা জন্ম দিয়েছে প্রচণ্ড শিকড়শূণ্যতা। ফলে যেদিক থেকেই স্রোত আসে -সেদিকেই তারা স্রোতে ভেসে যায়। এখন ভাসছে পাশ্চাত্যের সাংস্কৃতিক স্রোতে। মুসলিমরা পরিণত হয়েছে শিকড়শূণ্য কচুরিপানায়। অথচ যারা সত্যিকার ঈমানদার, তাদের শক্ত শিকড় থাকে। তাদের বন্ধনটি মহান আল্লাহ তায়ালার সাথে; বাঁধনটি কুর’আনের তথা হাবলিল্লাহর। উল্লেখ্য যে, মহান রব সুরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে পবিত্র কুর’আনকে হাবলিল্লাহ তথা আল্লাহর রশি বলেছেন।
বাস্তবতা হলো, মুসলিম দেশগুলিতে অন্য ধর্মে ধর্মান্তরের ঘটনা না ঘটলেও, প্রচণ্ডভাবে ঘটছে সাংস্কৃতিক ও আদর্শিক কনভার্শন। যেখান থেকে দেশগুলির জনগণ রাজনীতি, বুদ্ধিবৃত্তি, সংস্কৃতি, অর্থনীতি ও আচার-আচরণের প্রশিক্ষণ ও অনুপ্রেরণা পায় সেটি ইসলাম নয়; সেটি হলো অন্য ধর্ম ও অন্য মতবাদ। অথচ মুসলিমদের ঐতিহ্য ও ইতিহাস তো অন্যদের সৃষ্ট স্রোতে ভেসে যাওয়া নয়, বরং বিরাজমান স্রোতের বিপরীতে ইসলামের পক্ষে স্রোত সৃষ্টি করা। এবং সে স্রোতে অন্যদেরও ভাসিয়ে নেয়া। এটিই তো মহান নবীজী(সা:)’য়ের সূন্নত। নবীজী (সা:) যে সত্য দ্বীনের জোয়ার সৃষ্টি করেছিলেন -তা কয়েক দশকের মধ্যেই প্লাবিত করেছিল এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিশাল ভূ-ভাগকে। সে স্রোতে ভেসেছিল বহু দেশের বহু লক্ষ মানুষ। অথচ মুসলিমরা আজ সে ইতিহাস ভুলে গেছে; তারা ব্যর্থ হয়েছে ইসলামের পক্ষে স্রোত সৃষ্টিতে। তারা বরং গড়েছে স্রোতে ভাসার সংস্কৃতি। জোয়ারের বদলে প্রবল ভাটা শুরু হয়েছে সমগ্র মুসলিম বিশ্বজুড়ে। মুসলিমগণ তাই ইতিহাস গড়েছে কাফিরদের সৃষ্ট স্রোতে ভেসে যাওয়ার ইতিহাস। এজন্যই মুসলিম দেশে সেক্যুলারিজম, জাতীয়তাবাদ, ফ্যাসিবাদ, পুঁজিবাদ ও সমাজতন্ত্রের ন্যায় জাহিলী মতবাদের অনুসারীদের সংখ্যা এতো বিশাল। তারই উজ্জ্বল দৃষ্টান্ত হলো বাংলাদেশ।