মো. ইসমাইল হোসেন, দিনাজপুর: গত ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারাকে অপমান করার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় দিনাজপুর বড়মাঠ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এনসিপি, জাতীয় যুবশক্তি এবং শ্রমিক উইং। মিছিল থেকে “ফ্যাসিস্ট ও খুনী আওয়ামী লীগের বিচার চাই” এবং “স্বৈরাচারের দোসরদের অবিলম্বে গ্রেফতার চাই” শ্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপি নেতা একরামুল হক আবির বলেন, "স্বৈরাচারের দোসরদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।" তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট ও স্বৈরাচারের জায়গা এই বাংলার মাটিতে হবে না।" আবির এনসিপি নেতাদের ওপর হামলার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিক্ষোভ মিছিলে এনসিপির নেতা মোঃ আরিফ মুন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ নিশাত, মোঃ তাফসিরসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।