মোঃ মোরছালিন, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রাম হিন্দুপাড়ায় গভীর রাতে জানালার গ্রিল কেটে এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৩ মে) দিবাগত রাতে করুণা মোহন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে বাক্স, স্যুটকেস ও ড্রেসিং টেবিল ভেঙে তছনছ করে। এ সময় ঘরে থাকা গরু বিক্রির প্রায় দুই লাখ টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার এবং প্রায় ২৫ কেজি কাঁসার তৈজসপত্র নিয়ে যায় তারা।
ভোরে ঘুম থেকে উঠে করুণা মোহন সরকার ঘরের জানালার গ্রিল কাটা ও এলোমেলো অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়েন। তার স্ত্রী আরতি রানী ঘটনাটি দেখে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন।
একই রাতে পাশের কমল কুমার সরকারের বাড়িতেও চুরির চেষ্টা চালানো হয়। সেখানে জানালার গ্রিল কাটা হলেও ঘরে ঢুকতে ব্যর্থ হয় চোরেরা।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান, সহকারী পুলিশ সুপার তুহিন রেজা ও এসআই আসাদসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।