নিজস্ব প্রতিবেদক: অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখা, শূন্য পদে স্থায়ী নিয়োগ, যোগ্য সন্তানকে সরাসরি নিয়োগ এবং বয়সসীমা ৭৫ বছর করাসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি। একই সঙ্গে নিকাহ রেজিস্ট্রারদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। পরে সংগঠনের নেতৃবৃন্দ আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ছয় দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন। মন্ত্রী তাদের বক্তব্য গুরুত্বসহকারে শুনে স্মারকলিপি গ্রহণ করেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সমিতির নেতারা বলেন, দেশের মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিবাহ ও তালাক নিবন্ধনের গুরুত্বপূর্ণ ধর্মীয়, সামাজিক ও আইনগত দায়িত্ব পালন করে আসছেন। তাদের নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের পারিবারিক অধিকার সংরক্ষণের পাশাপাশি রাষ্ট্রীয় নিবন্ধন ব্যবস্থাও কার্যকর থাকছে।
তবে বর্তমানে নিকাহ রেজিস্ট্রাররা নানা প্রশাসনিক ও পেশাগত সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন তারা। বিশেষ করে অধিক্ষেত্র সংকোচন, শূন্য পদে নিয়োগ জটিলতা, নিয়োগের ধারাবাহিকতা ব্যাহত হওয়া, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা এবং আইনি সুরক্ষার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের নেতারা।
সমিতির ছয় দফা দাবির মধ্যে রয়েছে—২০০৯ সালের বিধি অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখা এবং অযৌক্তিকভাবে অধিক্ষেত্র কর্তন বা পরিবর্তন না করা। সারাদেশে নিকাহ রেজিস্ট্রারের শূন্য পদে বিধি অনুযায়ী দ্রুত স্থায়ী নিয়োগ দেওয়ার দাবিও জানানো হয়েছে।
এ ছাড়া মৃত্যু বা অবসরের কারণে সৃষ্ট শূন্য পদে নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের যোগ্য সন্তানকে সরাসরি নিয়োগ, বিধি অনুযায়ী দায়িত্ব পালনরত শিক্ষকতা পেশায় নিয়োজিত নিকাহ রেজিস্ট্রারদের বৈধ নিয়োগ বহাল রাখা এবং বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত বৃদ্ধির দাবি জানিয়েছে সংগঠনটি।
মোবাইল কোর্টের বিধান বাতিলসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং নিকাহ ও তালাক নিবন্ধনের ধর্মীয় ও আইনগত গুরুত্ব বিবেচনায় শিক্ষাগত যোগ্যতা কামিল পাস নির্ধারণের দাবিও রয়েছে ছয় দফায়।
সমিতির নেতারা বলেন, দাবিগুলো বাস্তবায়ন হলে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্থিতিশীলতা বাড়বে এবং দেশের বিবাহ ও তালাক নিবন্ধন সেবা আরও সুশৃঙ্খল, জনবান্ধব ও কার্যকর হবে। তারা জনস্বার্থ ও মানবিক দিক বিবেচনায় দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম তালুকদার।
এ সময় বক্তব্য দেন আলহাজ্ব অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, আলহাজ্ব মাওলানা মো. আলমগীর হোসাইন, আলহাজ্ব কাজী মাওলানা মো. সফি উল্লাহ, আলহাজ্ব মাওলানা মো. আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েম, মাওলানা মো. আজিজুর রহমান সুমন, মাওলানা মো. মফিজুল ইসলাম, আলহাজ্ব মাওলানা মো. মাহবুবুর রহমান, আলহাজ্ব মাওলানা নূরুল আমিন, অ্যাডভোকেট মাওলানা শাহীন পারভেজ, মাওলানা মো. রুবেল, মাওলানা মো. বিল্লাল হোসেন, মাওলানা শাহ মাহমুদ রেজা, মাওলানা আবু হানিফ, মাওলানা নূরুল ইসলাম চৌধুরী, মাওলানা মিজানুর রহমানসহ বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন। এ সময় তারা নিকাহ রেজিস্ট্রারদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।