কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড় আলমপুর (হালিমা নগর) এলাকায় একটি বেকারি ও মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত এ অভিযানে মিয়ামী বেকারিতে অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
এছাড়া অননুমোদিত ফ্লেভার ব্যবহার এবং জনপ্রিয় ব্র্যান্ডের অলটাইম মিল্কের মোড়ক নকল করে নিজস্ব নামে বাজারজাত করার অভিযোগও উঠে আসে।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নমুনা সংগ্রহকারী মো. সাকিব।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে কুমিল্লা জেলা পুলিশের একটি দল।