রায়হান আহমেদ, ময়মনসিংহ: নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি ও তাৎক্ষণিক পরীক্ষার সক্ষমতা বাড়াতে ময়মনসিংহে চালু হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। এর মাধ্যমে বাজার, হোটেল-রেস্তোরাঁ, খাদ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানে গিয়ে খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে, যা ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের জন্য বরাদ্দকৃত ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ময়মনসিংহ মেট্রোপলিটন কার্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান।
অনুষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি আধুনিক পরীক্ষণ সরঞ্জামে সজ্জিত। এর মাধ্যমে মাঠপর্যায়ে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে দ্রুত প্রাথমিক পরীক্ষা করা যাবে। এতে খাদ্যে ভেজাল, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার এবং মানহীন পণ্য শনাক্তে তদারকি কার্যক্রম আরও গতিশীল হবে।
তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই পরীক্ষাগার মাঠপর্যায়ের অভিযানে কার্যকারিতা বাড়াবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ময়মনসিংহ মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা আতিকুর রহমান, ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহবুব আরেফিন রাফি, জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহকারী মামুন অর রশিদসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার চালুর মাধ্যমে ময়মনসিংহ বিভাগে খাদ্যের মান নিয়ন্ত্রণ কার্যক্রম আরও বেগবান হবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার জাতীয় উদ্যোগে নতুন মাত্রা যোগ হবে।