• ঢাকা |

ঠাকুরগাঁওয়ে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা 


নিউজ প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ) সকাল সাড়ে ১১ টায় পীরগঞ্জ উপজেলার ইউএনও সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ।
কর্মশালায় উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে সমাজসেবা অধিদপ্তর, উপজেলা পরিষদ, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, প্রাণিসম্পদ অফিস, সমবায় অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন দপ্তরের সেবা কার্যক্রম সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ববোধ ও সংবেদনশীলতা বৃদ্ধি করতে হলে সরকারি-বেসরকারি সেবা কার্যক্রমে তাদের সক্রিয় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। এতে একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহারঞ্জন রায় সহ আরও উপস্থিত ছিলেন, আরডিআরএস বাংলাদেশ-এর টেকনিক্যাল অফিসার (কৃষি ও পরিবেশ) মো. রবিউল আলম, এবং উপজেলা কমিউনিটি মবিলাইজার উত্তম কুমার মিশ্র।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা তাদের নানা সমস্যা ও সরকারি সেবা পাওয়ার প্রতিবন্ধকতা তুলে ধরেন।
সভায় ইউএনও মো. রকিবুল হাসান বলেন, “উপজেলার অনগ্রসর জনগোষ্ঠী যে কোনো সমস্যা বা সরকারি সেবা সংক্রান্ত বিষয়ে সরাসরি উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারবেন। তাদের উন্নয়নে প্রশাসন সর্বদা পাশে আছে।”
কর্মশালায় বক্তারা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বাজেট বৃদ্ধি, সেবা প্রাপ্তির সহজলভ্যতা, প্রতিবন্ধীদের উপযোগী অবকাঠামো গঠন, মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।
আরডিআরএস বাংলাদেশ জানায়, দেশব্যাপী ৪০৬টি ইউনিয়ন ফেডারেশনের মাধ্যমে বর্তমানে ৩,৮৮৪ জন অনগ্রসর নারী ও পুরুষ সদস্যকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সাথে যুক্ত করা হয়েছে। এদের শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্রঋণ ও কাউন্সেলিংসহ বিভিন্ন সেবায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন,
এই ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে অনগ্রসর জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তির সুযোগ বাড়াবে এবং সরকারি সেবাকে আরও জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে।