মোঃ মোরছালিন,জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) হিসেবে নির্বাচিত হয়েছেন আক্কেলপুর উপজেলার মোঃ ইমরান হোসেন। প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও শিক্ষাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষায় শতভাগ শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন।
এছাড়া আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষকদের সম্পৃক্ত করতে মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান কার্যক্রমে উৎসাহ প্রদান এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উপজেলা প্রশাসনের অর্পিত বিভিন্ন প্রশাসনিক ও রাষ্ট্রীয় দায়িত্বও তিনি সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন। এসব অবদানের ভিত্তিতেই তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে মোঃ ইমরান হোসেন বলেন, যেকোনো কাজের স্বীকৃতি দায়িত্ববোধ ও কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেয়। এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি আক্কেলপুর উপজেলার পুরো প্রাথমিক শিক্ষা পরিবারের সম্মান। ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচিত কর্মকর্তারা তাদের কর্মদক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অবদান রেখে চলেছেন। আমরা আশা করি, তারা আগামী দিনেও একই ধারা অব্যাহত রাখবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়া প্রয়োজন। নির্বাচিত কর্মকর্তারা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভবিষ্যতেও তারা শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমরা আশাবাদী।