• ঢাকা |

ঠাকুরগাঁওয়ে ৪‌টি অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙচুর, ২০ লাখ জরিমানা


নিউজ প্রকাশের তারিখ : ২১ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত একাধিক অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যার মধ্যে দুটি ভাটা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে বিকাল ৪ পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম (সিনিয়র সহকারী সচিব)। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.তামিম হাসান।

 

সহকারী পরিচালক মো.তামিম হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী এম বি বি ব্রিকস ও মেসার্স ডি স্টার ব্রিকস নামক দুটি অবৈধ ইটভাটা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়। এছাড়া এম বি বি ব্রিকস, মেসার্স ডি স্টার ব্রিকস, এস বি এস ব্রিকস এবং মেসার্স এম বি এস ব্রিকস—এই চারটি ইটভাটার প্রতিটির বিরুদ্ধে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

 

তিনি আরও জানান, এসব ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল, যা স্থানীয় পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। অবৈধভাবে মাটি কাটার মাধ্যমে ফসলি জমির ক্ষতি, বায়ুদূষণ এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।

 

পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। 

 

এ সময় অভিযানে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন, ফলে অভিযান নির্বিঘ্নে সম্পন্ন হয়।