মোঃ মিজানুর রহমান, পঞ্চগড়: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও সাবেক সংসদ সদস্য মো. নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তাকে (৫১) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর থানার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাইমুজ্জামান ভূইয়া মুক্তা পঞ্চগড় জেলায় অবস্থান করছেন—এমন তথ্য পাওয়ার পর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। অভিযানে কুইক রেসপন্স টিমও (কিউআরটি) অংশ নেয়।
পরে আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর থানার বিভিন্ন এলাকায় একযোগে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর থানাধীন কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে নাইমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, নাইমুজ্জামান ভূইয়া মুক্তার পৈতৃক ঠিকানা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকায়। তার বাবা মৃত আবদুল খালেক ভূইয়া এবং মা নুরজাহান ভুইয়া। বর্তমানে তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন।
তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় দায়ের করা মামলা নং-১২ (১০ নভেম্বর ২০২৪), জিআর নং-৪২১/২৪ রয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৫, ৩০২, ২০১, ৫০(২), ১১৪ ও ৩৪ ধারাসহ ৪৪৮, ১৪৩, ৩২৩, ৪২৭, ৪৩৫ ও ৫০৬ ধারায় অভিযোগ তদন্তাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত নাইমুজ্জামান ভূইয়া মুক্তা এই মামলার এজাহারভুক্ত আসামি এবং এতদিন পলাতক ছিলেন।