বেরোবি প্রতিনিধি: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র কোডে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের মতো প্রায় একই পাঠ্যক্রম থাকা সত্ত্বেও লোকপ্রশাসনকে শিক্ষা ক্যাডার থেকে বছরের পর বছর বঞ্চিত রাখা হয়েছে। তাদের দাবি, এটি একটি সুস্পষ্ট বৈষম্য।
বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি প্রধান ফটকের সামনে এসে মানববন্ধনে পরিণত হয়।
এ সময় শিক্ষার্থীরা এনটিআরসিএর মাধ্যমে কলেজ পর্যায়ে ‘পৌরনীতি ও সুশাসন’ বিষয়কে লোকপ্রশাসন বিভাগের অধীনে অন্তর্ভুক্ত করা এবং মাধ্যমিক স্তরে সামাজিক বিজ্ঞান অনুষদের বিষয়সমূহের মধ্যে স্থান দেওয়ার জোর দাবি জানান।
শিক্ষার্থীরা আরও বলেন, লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হলে শুধু কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে না, বরং দেশের শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক জ্ঞান ও নীতিনির্ধারণমূলক দক্ষতার কার্যকর প্রয়োগ নিশ্চিত হবে। এ কারণে তারা অবিলম্বে সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, পিএসসি এবং এনটিআরসিএর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম, আফজাল হোসেন শাকিল এবং বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম।
অধ্যাপক মুজাহিদুল ইসলাম বলেন, “লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি। শিক্ষার্থীদের এই আন্দোলন যথার্থ এবং যৌক্তিক। সরকারকে এ বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।”
শিক্ষকরা জানান, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সঙ্গে লোকপ্রশাসনের পাঠ্যক্রমের ঘনিষ্ঠ সাদৃশ্য রয়েছে। তবুও শিক্ষা ক্যাডার থেকে বিভাগটিকে বাদ দেওয়া হয়েছে, যা অযৌক্তিক ও বৈষম্যমূলক। তাদের মতে, প্রশাসন ও শাসনব্যবস্থাভিত্তিক উচ্চতর জ্ঞান প্রদানকারী এ বিভাগ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন।