অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার ভোরে দেশে ফিরবেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার ভোরে জামায়াতের আমীর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষ করে দেশে ফিরবেন।
ওমরাহ পালনের উদ্দেশে গত ১৯ অক্টোবর সৌদি আরবে যান শফিকুর রহমান। সেখান থেকে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র যান। নিউইয়র্কে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন রাজ্যে প্রবাসীদের আয়োজিত সভায় অংশ নেন। পরবর্তীতে যুক্তরাজ্য যান। সেখানে সাংবাদিক সম্মেলনসহ প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সফর শেষে দেশে ফিরছেন তিনি।
এর মধ্যে ডা. শফিকুর রহমান ২০২৬-২৮ মেয়াদের জন্য জামায়াতে ইসলামীর আমীর হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। গত শনিবার (১ নভেম্বর) রাতে এই ঘোষণা দেন দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম।