• ঢাকা |

বাসা ও বাসভবনের বৈষম্য দূর করাসহ সচিবালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব আলালের


নিউজ প্রকাশের তারিখ : ৩ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

এস এম নাসিম : বাসা আর বাসভবনের শব্দ ব্যবহারে বৈষম্য রয়েছে উল্লেখ করে এই ভিন্নতা দূর করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল।

রোববার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: গণতন্ত্র উত্তরণে মহাজাগরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

আলাল বলেন, "রাজনীতিবিদ ও সাধারণ মানুষের বাসস্থানের ক্ষেত্রে ‘বাসা’ শব্দটি ব্যবহৃত হয়। কিন্তু পুলিশ, প্রশাসন বা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বলা হয় ‘বাসভবন’। যেমন—ডিআইজির বাসভবন, এসপির বাসভবন, আমলাদের সরকারি নিবাস। এ শব্দ ব্যবহারে বৈষম্য রয়েছে, যা পরিবর্তন করতে হবে।"

তিনি আরও বলেন, "যে স্থাপনাকে আমরা সচিবালয় বলি, সেটির নাম হওয়া উচিত ‘মন্ত্রণালয়’। কারণ, সচিবরা প্রধান নন—তাদের ঊর্ধ্বতন হচ্ছেন মন্ত্রীরা। তাহলে এটির নাম সচিবালয় হবে কেন? নাম হওয়া উচিত মন্ত্রণালয়।"

গোলটেবিল বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, “জুলাইয়ের গণআন্দোলনে ছাত্র-জনতা পিআর বা অনিয়মতান্ত্রিক কোনো নির্বাচনের জন্য জীবন দেয়নি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, যেখানে যে দলই জয়ী হোক, আমরা তা মেনে নেব।”

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, “জুলাইয়ের বিজয় একক কোনো পক্ষের নয়, এটি ছাত্র-জনতার সম্মিলিত অর্জন। এই বিজয় ধরে রাখতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আহমেদ ইসহাক বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিজয় এলেও এখনো দেশে দলীয়করণ চলছে। মিটফোর্ডের সোহাগ হত্যার মতো ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়—আমরা এখনও পুরোপুরি স্বৈরাচারমুক্ত হইনি।”

সভাপতিত্ব করেন জেবস সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন, জেবসের সহসভাপতি নূরে আলম বর্ষণ, সাংগঠনিক সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল, দপ্তর সম্পাদক আহসান কামরুল, সদস্য মেহেদী হাসান ও মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।