• ঢাকা |

বেরোবি কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ পরীক্ষার্থী আটক 


নিউজ প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে পকেট রাউটার ও মোবাইল ফোনসহ আটক করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। 

আটক পরীক্ষার্থীর নাম জিএম সারোয়ার আহমেদ, তিনি কারমাইকেল কলেজ থেকে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ। তাঁর পিতা শামীম আহমেদ ও মাতা আইরিন আক্তার, রংপুরের বাসিন্দা। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্র জানায়, সকাল ১১টায় ভর্তি পরীক্ষার প্রথম শিফট শুরু হওয়ার আগে সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে থাকেন। এ সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশিকালে জিএম সারোয়ার আহমেদের কাছ থেকে একটি পকেট রাউটার ও মোবাইল ফোন পাওয়া যায় এবং পরে তাকে আটক করা হয়। 

বেরোবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ খান বলেন, “ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সময় পরীক্ষার্থীকে ডিভাইসসহ আটক করা হয়েছে। তার অভিভাবকদের ডেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানান, পরীক্ষার গেটে ধরা পড়ার সময় দেখা যায়, পরীক্ষার্থী জ্যাকেটের তলায় ও পকেটে মোবাইল ও রাউটার লুকিয়ে রেখেছিলেন। সম্ভবত অনলাইনে উত্তর দেখার উদ্দেশ্য ছিল। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দেখছেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ। ডিভাইসসহ একজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এছাড়া পরীক্ষার হলে একজন শিক্ষার্থী অচেতন হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অতিরিক্ত সময় বরাদ্দ দেওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহিম সাগর বলেন, “বেরোবি কেন্দ্রে পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল। সুষ্ঠু আয়োজনের জন্য বেরোবি কর্তৃপক্ষকে ধন্যবাদ। ডিভাইসসহ পরীক্ষার্থী আটক বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নেবেন।” 

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাবির ‘সি’ ইউনিট এবং শনিবার (১৭ জানুয়ারি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়।