জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল একাংশ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম লোহাগড়া উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে লোহাগড়া প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর।
সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।
প্রেসক্লাবের সদস্য সচিব ইকবাল হাসান শিমুলের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু, কাজী ইমরান, জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই-সংগ্রামের পর দলের প্রতি নিষ্ঠ ও জনগণের ভালবাসার কারণে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছি। এটি (লোহাগড়া-নড়াইল একাংশ) মানুষের বিশ্বাস ও আস্থার প্রতিফলন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। এই যাত্রায় সকল সাংবাদিকদের সমাজের গঠনমুলক আলোচনা সমালোচনা, পরামর্শ ও সগযোগিতা আমার সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন, বিএনপির সকল নেতা-কর্মী, সমর্থকরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের রাজনৈতিক ঐক্যের পাশাপাশি সাংবাদিক ও সচেতন নাগরিকদেরও ভূমিকা অপরিহার্য।
মতবিনিময় শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপারসন ও সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।