• ঢাকা |

ভোলায় নানা আয়োজনে ফিস্টুলা দিবস উদযাপিত


নিউজ প্রকাশের তারিখ : ২০ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ভোলা প্রতিনিধি: “Her Health is a Right: Invest in Ending Fistula and Childbirth Injuries” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস ২০২৬ পালন করা হয়েছে।
এ উপলক্ষে ভোলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, সচেতনতামূলক র্যালি ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরাপদ মাতৃত্ব ও ফিস্টুলা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করে।
পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মু. তৈয়বুর রহমান। সভাপতিত্ব করেন ভোলা জেলার সিভিল সার্জন ডাঃ মু. মনিরুল ইসলাম।
বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা। নিরাপদ প্রসব নিশ্চিত করা গেলে এ রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তারা ২০৩০ সালের মধ্যে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ফিস্টুলা কর্নারেও বিশেষ কর্মসূচি পালিত হয়। এছাড়া চরফ্যাশনসহ জেলার বিভিন্ন উপজেলায় র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফিস্টুলা রোগী শনাক্ত ও রেফারেল কার্যক্রমে অবদান রাখায় দুইজনকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া এক নারীর জীবনসংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরা হলে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ইউএনএফপিএ ও সিআইপিআরবি’র সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, চিকিৎসক, নার্স, মিডওয়াইফ, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।