ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘দাবানল শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘সাংস্কৃতিক কর্মশালা-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই কর্মশালা শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় সমাপনী অধিবেশন ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
কর্মশালার প্রথম দিনে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের প্রধান পরিচালক সাইফুল্লাহ সাহাল। ‘ইসলামী বিপ্লব সাধনে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব’ শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংস্কৃতিক ফোরাম-জাসাফ সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।সন্ধ্যায় পুনর্মিলনী ও সাংস্কৃতিক অধিবেশনে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের সাংস্কৃতিক বিষয়ক পরিচালক মাওলানা রুহুল আমিন সাদী। রাতের সাংস্কৃতিক প্রশিক্ষণ পর্বে ইসলামী সংগীত রচনা, সুরারোপ, ছড়া-কবিতা, আবৃত্তিচর্চা, কণ্ঠের ব্যবহার এবং শিল্পীর নৈতিক ও আদর্শিক উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগঠনের সাবেক পরিচালক আনিসুর রহমান শিপলু এবং কাউসার আহমদ সোহাইল।
দ্বিতীয় দিন শুক্রবার ভোরে তাহাজ্জুদ, জিকির ও ফজরের সালাতের পর হেদায়েতি আলোচনা পরিচালনা করেন কাউসার আহমদ সোহাইল। সকালের সংগীত প্রশিক্ষণ ও ব্যবহারিক ক্লাসে কণ্ঠচর্চা, সারগাম, নজরুলসংগীত ও ক্লাসিক্যাল সংগীত বিষয়ে প্রশিক্ষণ দেন আনিসুর রহমান শিপলু, আজিজুল ইসলাম খান এবং দাবানল শিল্পীগোষ্ঠীর সিনিয়র প্রশিক্ষক ও জাসাফ সদস্য তারেক মাহমুদ। এছাড়া ‘সাংস্কৃতিক কর্মীদের গুণাবলী’ বিষয়ে আলোচনা করেন জাসাফের সাধারণ সম্পাদক কাজী আরিফ এবং সংগঠনের পরিকল্পনা ও নির্দেশনা পেশ করেন পরিচালক আব্দুল্লাহ আস সাকিব।
সমাপনী অধিবেশনে ইহতিসাব ও পুরস্কার বিতরণ শেষে হেদায়েতি বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল এবং দাবানলের সাবেক পরিচালক আনিস আনসারী। এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, অংকুরের পরিচালক শাহ শিহাব উদ্দিন, দাবানলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম শহীদুল ইসলাম এবং অংকুরের সাংগঠনিক সম্পাদক আহমদ আইমান আন্দালিব। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দুই দিনব্যাপী এই কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।