আসাদুল্লাহ আল গালিব, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খন্ডকালীন সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ এর ৪ (১) (সি) ও ৪ (৪) ধারার বিধান অনুযায়ী, এই মনোনয়ন ৫ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হবে এবং মেয়াদ হবে দুই বছর। গত ৩০ সেপ্টেম্বর ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপাচার্যকে বিষয়টি অবগত করা হয়।
পত্রে ইউজিসির পক্ষ থেকে উপাচার্যকে কমিশনের কার্যক্রমে পরামর্শ ও সহযোগিতার আহ্বান জানানো হয়।
প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “এই মনোনয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাজ করার আরও একটি সুযোগ তৈরি হলো।”
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ইউজিসিকে ধন্যবাদ জানানো হয়েছে।