• ঢাকা |

শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, চাঁদা দাবির অভিযোগ


নিউজ প্রকাশের তারিখ : ৬ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আশিকুর রহমান, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী বিকাশ ঘোষ (৪৬) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নকিপুর বাজারে জুয়েলারি ব্যবসা করে আসছেন। তাঁর অভিযোগ, নকিপুর এলাকার বাসিন্দা মো. আরজু গাজী (৩০) কিছুদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জুন রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে মোটরসাইকেল মেরামত শেষে জে.সি. কমপ্লেক্সসংলগ্ন প্রধান সড়কে পৌঁছালে আরজু গাজী তাঁর পথরোধ করেন। এ সময় তিনি চাঁদার টাকা দাবি করলে বিকাশ ঘোষ তা দিতে অস্বীকৃতি জানান।

অভিযোগে আরও বলা হয়েছে, একপর্যায়ে আরজু গাজী তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করেন।

বিকাশ ঘোষের দাবি, হামলার সময় তাঁকে শ্যামনগরে ব্যবসা করতে হলে নিয়মিত চাঁদা দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। পাশাপাশি বিষয়টি কাউকে জানানো বা থানায় অভিযোগ করলে তাঁকে হত্যার, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের, এবং বাজারে ব্যবসা করতে না দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়ে নিজের ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. আরজু গাজীর বক্তব্য জানা সম্ভব হয়নি।