রায়হান আহমেদ, ব্যুরো প্রধান, ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে একটি আইসক্রিম কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ময়মনসিংহ মেট্রোপলিটন কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন।
অভিযানকালে নগরীর ১৫ নম্বর ব্রাহ্মপল্লীতে অবস্থিত বারি কোন আইসক্রিম ফ্যাক্টরির স্টোরে নিষিদ্ধ ঘনচিনি মজুত এবং বিভিন্ন খাদ্য সংযোজন দ্রব্যের চালান বা রসিদ দেখাতে না পারার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানটির সার্বিক সমন্বয় করেন ময়মনসিংহ মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক, জেলা পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান জানান, ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা কাজ করে যাচ্ছেন।